
মালদহ: বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা দিয়ে আর বাড়ি ফেরেনি দুই খুদে। টানা ছয় দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির দুই ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর মিশ্র পাড়া এলাকায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে দীর্ঘদিন পরও খুদেদের কোনও সন্ধান না মেলায় পরিবারের আশঙ্কা, তাদের অপহরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই পড়ুয়ার নাম আলফাজউদ্দিন এবং নাজিবুল হক। দু’জনেই স্থানীয় মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে খবর, গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১০টা নাগাদ নাজিবুল তার সহপাঠী আলফাজউদ্দিনের বাড়িতে যায়। এরপর দুই বন্ধু স্কুলের পোশাক পরে এবং কাঁধে ব্যাগ নিয়ে একসঙ্গে স্কুলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু বিকাল পেরিয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি।
প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা পরিচিত ও আত্মীয়দের বাড়ি-সহ নানা জায়গায় খোঁজখবর চালান। কিন্তু কোথাও তাদের হদিশ না পেয়ে অবশেষে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ।
বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় বারবার এই ধরনের নিখোঁজের ঘটনা ঘটায় চরম উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় অধিবাসীদের মধ্যে। সাধারণ মানুষের প্রশ্ন, এই নিখোঁজ হওয়ার নেপথ্যে কি কোনও সংগঠিত পাচারকারী বা অপহরণ চক্র সক্রিয় রয়েছে? সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় দুষ্কৃতীরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ দুই ছাত্রকে দ্রুত উদ্ধার করতে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।