Adulterated Milk Factory: ২০ লিটার খাঁটি দুধের সঙ্গে যা মেশানো হচ্ছে… দেখলে চমকে উঠবেন

Adulterated Milk Factory in Nabadwip: ঘটনাস্থল থেকে বিপুল রাসায়নিক, পাউডার, ওষুধ ও তৈরি তরল দুধ উদ্ধার করা হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে কারখানাটি সিল করে দেয়। হাতেনাতে পাকড়াও করে পুলিশে তুলে দেওয়া হয় কারখানার মালিকের ভাগ্নে পরিচয় দেওয়া এক যুবককে।

Adulterated Milk Factory: ২০ লিটার খাঁটি দুধের সঙ্গে যা মেশানো হচ্ছে... দেখলে চমকে উঠবেন
দুধের সঙ্গে ভেজাল!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2026 | 1:02 PM

নদিয়া: ভেজাল দুধ তৈরির কারখানার হদিস। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব সেখানে অভিযান চালায়। অভিযোগ, একটি কারখানায় ২০ লিটার খাঁটি দুধের সঙ্গে ছানার জল, ক্ষতিকারক রাসায়নিক, ওষুধ ও অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার ভেজাল তরল দুধ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে তা প্যাকেটজাত করে বিভিন্ন এলাকা ও সংস্থায় সরবরাহ করা হত।

ঘটনাস্থল থেকে বিপুল রাসায়নিক, পাউডার, ওষুধ ও তৈরি তরল দুধ উদ্ধার করা হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে কারখানাটি সিল করে দেয়। হাতেনাতে পাকড়াও করে পুলিশে তুলে দেওয়া হয় কারখানার মালিকের ভাগ্নে পরিচয় দেওয়া এক যুবককে। বিজেপি নেতা শশধর নন্দীর দাবি, দীর্ঘদিন ধরে এই কারবার চলছে এবং বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানানো হবে।

ঘটনায় নতুন মোড় এনেছে কারখানার বাইরে থাকা একটি সাইনবোর্ড। সেখানে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’ এবং ‘দি কিষান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড’-এর নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ রয়েছে। এই সমবায় সমিতির সাথে বেআইনি কারবারের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার সত্যতা যাচাই ও চক্রের মূল পান্ডাদের ধরতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us