
নদিয়া: রাজ্যে যখন নতুন মুখ্যমন্ত্রী ও সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব, ঠিক সেই মুহূর্তেই নদিয়ার কৃষ্ণনগর শহরের সুকান্তপল্লিতে শক্তিশালী বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে কৃষ্ণনগর সুকান্তপল্লির দাসপাড়া এলাকার এক বাসিন্দা নিজের বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে একটি সন্দেহভাজন বস্তু দেখতে পান। ভালো করে লক্ষ্য করতেই বোঝা যায় সেটি বোমা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালি থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেলে এবং মিটার বক্স থেকে বোমাটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছনোর পর বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবহুল এলাকার একটি বাড়ির মিটার বক্সে এভাবে বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রাজনৈতিক অস্থিরতা নাকি ব্যক্তিগত শত্রুতা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই ধরনের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। তদন্তকারী আধিকারিকদের মতে, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।