
নদিয়া: রাজ্যে শাসকদলের পরিবর্তনের পর এই প্রথম নাকাশিপাড়ায় পঞ্চায়েত দখল করল ভারতীয় জাতীয় কংগ্রেস। নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত হরনগর গ্রাম পঞ্চায়েতটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হাত থেকে নিজেদের দখলে নিল কংগ্রেস।
সোমবার ১৫ জন সদস্যের উপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পর ভোটাভুটির মাধ্যমে কংগ্রেসের টপি মোল্লা নতুন প্রধান নির্বাচিত হন। পঞ্চায়েতের নতুন উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মুনমুন ঘোষ।
এই রাজনৈতিক পালাবদলের পেছনে রয়েছে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। গত ১৫ই অগস্ট রাতে বেথুয়াডহরি বাজার থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে খুন হন স্থানীয় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করার মারাত্মক অভিযোগ ওঠে হরনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলী প্রধান ফাতেমা বিবি, তাঁর স্বামী জুব্বার শেখ এবং তাঁদের দুই ছেলের বিরুদ্ধে।
ঘটনার পর আনিসুর রহমানের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাতেমা বিবি, জুব্বার শেখ ও তাঁদের দুই ছেলেকে গ্রেফতার করে। অভিযুক্তরা বর্তমানে কৃষ্ণনগর সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন।
প্রধান গ্রেফতার হওয়ার পরই শূন্যতা তৈরি হয় এবং হরনগর গ্রাম পঞ্চায়েতে ফাতেমা বিবির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব আনে জাতীয় কংগ্রেস। সেই অনাস্থা প্রস্তাবে জয়লাভ করে শেষ পর্যন্ত পঞ্চায়েতের ক্ষমতা দখল করল কংগ্রেস।