
নদিয়া: ১২ জন বাংলাদেশিকে পুশ-ইন করার অভিযোগকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা অব্যাহত। নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর এবং ওপার বাংলার প্রাগপুর সীমান্তে এই জটিলতা তৈরি হয়েছে। বিএসএফ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মধ্যে পরপর দু’দিন ফ্ল্যাগ মিটিং হলেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি।
বিজিবি ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অভিযোগ, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের গেট খুলে চার মহিলা ও চার শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। তবে বিএসএফ এই পুশ-ইনের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ওপার বাংলার দাবি, আটক হওয়া ব্যক্তিরা আদতে ভারতীয় নাগরিক এবং তাঁদের ভারতে ফেরত নিতে হবে। এই মর্যাদার লড়াইয়ের জেরে জিরো পয়েন্টে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ওই ১২ জনের।
শনিবার দুপুরে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হয়। সেখানে বিজিবি নিজেদের দাবিতে অনড় থাকলেও বিএসএফ স্পষ্ট জানায়, রানিনগর সীমান্ত দিয়ে কাউকেই পুশ-ইন করা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে বিএসএফ জানিয়েছে, বিজিবির দাবিটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। সেখান থেকে আসা নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত বিবাদ মেটাতে ও অনুপ্রবেশ রুখতে ওপার সীমান্তের বাসিন্দারাও বিজিবি-কে পূর্ণ সহযোগিতা করছেন।