
বসিরহাট: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শহিদুল হকের। তাঁর দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হারাতে তৃণমূলের (TMC) বাজেট ছিল ১০০ কোটি টাকা, নন্দীগ্রামে প্রতিটা পরিবারেরকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে,বাংলাদেশ পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে। কোমরে দড়ি বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গ্রেফতার করে ইডি-সিবিআই দিয়ে তদন্ত করা হোক। তবে, শহিদুল কীভাবে এই খবর জানলেন তা যদিও জানা যায়নি।
চলতি বছরে নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন একদা শুভেন্দুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেতা পবিত্র কর। তবে তিনি পরাজিত হন শুভেন্দুর কাছে। শহিদুলের বক্তব্য, আইপ্যাকের মদতে নন্দীগ্রামের প্রতিটি বাড়ি-বাড়িতে খামের মধ্যে করে টাকা বিলি করা হচ্ছিল। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে হারাতেই ১০০ কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল। তবে, নন্দীগ্রামের মানুষ টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে।
তিনি বলেন, “আমরা যখন ডোর টু ডোর প্রচার করছি তখন বলছে তৃণমূল কংগ্রেস এক হাজার পাঁচ হাজার করে টাকা দিয়ে গিয়েছে। কম বেশি বাজেট ১০০ কোটি টাকা হবে। এটার তদন্ত হবে। আমরা ভোট করতে গিয়ে বিপদে পড়ে গেছি। পবিত্র করের টাকার উৎস কী? সেই পরিমাণ টাকা নেই তো। ওদের উদ্দেশ্য শুভেন্দুকে হারান।”
শুভেন্দুকে ভোট দেওয়ার জন্য নন্দীগ্রামের মানুষকে স্যালুটও করেছেন আম জনতা উন্নয়ন পার্টির সদস্য। তিনি বলেন, “এই একশো কোটি টাকা এসেছে বাংলাদেশ,পাকিস্তান সহ বিদেশ থেকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করে ইডি,সিবিআইয়ের তদন্ত করা উচিত।”