
দক্ষিণেশ্বর: জোর করে ঘর দখলের অভিযোগ মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে। শনিবার সকাল থেকে দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি চালাতে যায় ইডি। সেই ফ্ল্যাটের নীচেই জোর করে ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস চালাচ্ছিলেন মদন মিত্র, এমনই অভিযোগ উঠেছে।
দক্ষিণেশ্বরে যে আবাসনে মদন মিত্র বসবাস করতেন, সেই আবাসনের নীচে মদন মিত্রের একটি পার্টি অফিস আছে। সেই পার্টি অফিস বিধায়ক অবৈধভাবে দখল করে আছেন বলে অভিযোগ ওই ঘরের মালিক বাপি মধুরির। তাঁর দাবি, মদন মিত্র ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া পর পাঁচ হাজার টাকার বিনিময় তাঁর কাছ থেকে ঘরটি ভাড়া নেন। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিক মদন মিত্রের জন্য ওই অফিস ভাড়া নেন।
প্রথম নির্বাচনের জয়লাভের পর মদন মিত্র ঠিক মতো ভাড়া দিলেও, পরবর্তী সময়ে আর তিনি ভাড়া দেন না বলে অভিযোগ বাপি বাবুর। তিনি দাবি করেন, এই অফিসটিতে তাঁর কিছু অফিশিয়াল কাগজপত্র আছে। এতদিন তিনি ভয়ের চোটে প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি, কারণ তখন তৃণমূল সরকারে ছিল। এখন তিনি ওই ঘর ফিরে পেতে চান।
এদিন সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। ভবানীপুরের বাড়ি, দক্ষিণেশ্বরের ফ্ল্যাট ও জোকার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।