Child Death: বিছানায় শুইয়ে শৌচালয়ে গিয়েছিলেন মা, ফিরেই দেখেন…ভয়ঙ্কর পরিণতি ২ মাসের শিশুর

Child Death in Hasnabad: জানা গিয়েছে, বোলদেপোতা এলাকার বাড়িতে ওই শিশুর মা, দাদু ও ঠাকুমাই থাকতেন। আর বাবা কাজের সূত্রে বাইরে থাকতেন। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়ি ছিলেন না দাদু-ঠাকুমা। পাশেই জেঠুর বাড়িতে গিয়েছিলেন। শিশুটিকে নিয়ে বাড়িতে একাই ছিলেন মা। সন্ধে নাগাদ বারান্দায় খাটে একরত্তিকে শুইয়ে শৌচালয়ে গিয়েছিলেন মা। তারপর?

Child Death: বিছানায় শুইয়ে শৌচালয়ে গিয়েছিলেন মা, ফিরেই দেখেন...ভয়ঙ্কর পরিণতি ২ মাসের শিশুর
শিশুর মাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 29, 2026 | 8:48 AM

হাসনাবাদ: দুই মাসের শিশুকে (Child Death) খুনের অভিযোগ। পুকুরে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছে। হাসনাবাদের বোলদেপোতা এলাকার ঘটনা। জানা গিয়েছে, একরত্তিকে (Child Killed in Hasnabad) বিছানায় শুইয়ে রেখে শৌচালয়ে গিয়েছিলেন মা। কিন্তু, ফিরে দেখেন বিছানা খালি। বাড়ির দরজা খোলা। পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় ওই শিশুর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, বোলদেপোতা এলাকার বাড়িতে ওই শিশুর মা, দাদু ও ঠাকুমাই থাকতেন। আর বাবা কাজের সূত্রে বাইরে থাকতেন। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়ি ছিলেন না দাদু-ঠাকুমা। পাশেই জেঠুর বাড়িতে গিয়েছিলেন। শিশুটিকে নিয়ে বাড়িতে একাই ছিলেন মা। সন্ধে নাগাদ বারান্দায় খাটে একরত্তিকে শুইয়ে শৌচালয়ে গিয়েছিলেন মা। পুলিশ সূত্রে খবর, বারান্দার গেটে তালা দেওয়া ছিল না। তবে গেট বন্ধ করা ছিল। কিন্তু, শৌচালয় থেকে বেরিয়েই দেখেন বিছানায় নেই তাঁর দুই মাসের সন্তান। বারান্দার গেট খোলা। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও। তাঁরাও খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের কী অভিযোগ?

খবর দেওয়া হয় হাসনাবাদ থানাতেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। এরপরই বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। তড়িঘড়ি শিশুটিকে তুলে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কে বা কারা কী কারণে এভাবে শিশুটিকে খুন করল, তা কল্পনাই করতে পারছে না পরিবার।

আজ বসিরহাট জেলা হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত করা হবে। পরিবারের তরফ থেকে হাসনাবাদ থানায় পরিকল্পিতভাবে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us