
বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁর একাধিক নামি রেস্টুরেন্ট ও হোটেলে যৌথভাবে হানা দিল জেলা খাদ্য সুরক্ষা দফতর, ডিইবি ও বনগাঁ পৌরসভা। বুধবার তাঁরা রেস্টুরেন্ট গুলির তৈরি করা খাবারের গুণগতমান পরীক্ষা করেন পাশাপাশি খাবার তৈরির বিভিন্ন উপকরণ পরীক্ষা করে দেখেন। খতিয়ে দেখেন খাবার মজুত করার জায়গাও। আর তখনই আধিকারিকদের নজরে আসে কোথাও বাসি মাংস, কোথাও আবার রান্নার উপকরণে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। সমস্ত কিছু তারা নমুনা সংগ্রহ করেন পাশাপাশি সেগুলি রেস্টুরেন্ট ও হোটেল কর্তৃপক্ষকে ফেলে দিতে অনুরোধ করেন।
এ দিন আধিকারিকরা ভিতরে ঢুকেই প্রথমে রান্নাঘরে যান। গ্রাহকদের যে বোতলে জল খেতে দেওয়া হয় সেই জলের বোতল ড্রেনের পাশে রাখা। এক আধিকারিক আবার সন্দেহ প্রকাশ করেন মাটন নিয়েও। তিনি হোটেলের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, “এটা মাটন?” তবে হোটেল কর্তৃপক্ষ বলেন, “হ্যাঁ স্যর এটা মাটন।” পরে আধিকারিক সন্দেহ প্রকাশ করলেও তারপর বিষয়টি থেকে নজর ঘোরান। এরপর ব্রেড ক্রাম্বের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলেও জানান আধিকারিকরা। এই ভাবে হোটেলে খাবার রাখা যাবে না বলেও জানান তিনি।
এ দিন এক গ্রাহক আসেন বিরিয়ানি কিনতে। তবে আধিকারিকরা বারণ করে তাঁকে। ফিরে যাওয়ার সময় তিনি বলেন, “একটা মাটন বিরিয়ানির অর্ডার করেছিলাম। তবে অফিসাররা বলেছিলেন নিতে না। তাই আর নিইনি। এর আগেও এই দোকান থেকে খাবার নিয়ে গিয়েছি।”