
সোদপুর: কারও কাছে কোনও জরুরি বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম মোবাইল। বিশেষ করে বিপর্যয় পরিস্থিতে দ্রুত যোগাযোগের জন্য মোবাইলের বিকল্প কিছু নেই। কিন্তু, দেখা যায় সেই জরুরি পরিস্থিতেই মোবাইলে নেটওয়ার্ক নেই। আর নেটওয়ার্ক না থাকলে ইন্টারনেটও কাজ করে না। এধরনের সমস্যায় পড়েছেন অনেকেই। তবে, জানেন কি নেটওয়ার্ক ছাড়াই জরুরি বার্তা পৌঁছে দিতে পারবেন। কীভাবে? তারই উপায় বাতলে দিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব (West Bengal Radio Club) এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট।
কীভাবে জরুরি বার্তা পৌঁছে দেবেন, সোদপুর রেলওয়ে পার্কে (Sodepur Railway Park) তারই মকড্রিল করল হ্যাম রেডিও। ওই রেলওয়ে পার্কে আয়োজন করা হয়েছিল বিশেষ মকড্রিল এক্সারসাইজের। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই মকড্রিলের মূল উদ্দেশ্য ছিল বিপর্যয় মোকাবিলায় বিকল্প যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে যুব সমাজকে সচেতন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রেডিও স্টেশনের একাধিক কর্মী, কমিউনিকেশন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। সাধারণত, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে রেডিও যোগাযোগের মাধ্যমে কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত জরুরি বার্তা পৌঁছে দেওয়া যায় এবং বিপদগ্রস্ত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কীভাবে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, মকড্রিলের মাধ্যমে তা তুলে ধরা হয়।
আয়োজকদের বক্তব্য, বিপর্যয়ের সময় মোবাইল ফোনের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থার বিষয়ে যুব সমাজকে প্রশিক্ষিত করা অত্যন্ত জরুরি। এই ধরনের মকড্রিল ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করা এবং উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।