RG Kar Case: বেঙ্গালুরুতে গিয়েও হল না রক্ষা, আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও এক প্রভাবশালী

RG Kar Case Somnath Dey Arrest: গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ অতিসক্রিয় হয়ে উঠেছিলেন। হাসপাতাল থেকে পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে নিয়ে আসা আর তারপর তড়িঘড়ি দাহ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে অভিযোগ।

RG Kar Case: বেঙ্গালুরুতে গিয়েও হল না রক্ষা, আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও এক প্রভাবশালী
গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 03, 2026 | 8:47 AM

উত্তর ২৪ পরগনা:  আর জি কর কাণ্ডে তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে এবার পুলিশের জালে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ অতিসক্রিয় হয়ে উঠেছিলেন। হাসপাতাল থেকে পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে নিয়ে আসা আর তারপর তড়িঘড়ি দাহ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে অভিযোগ। তিলোত্তমার পরিবারের অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তড়িঘড়ি সমস্ত আইনি ও সামাজিক প্রক্রিয়া এড়িয়ে দেহ দাহ করার বন্দোবস্ত করেছিলেন। এই প্রক্রিয়ার পেছনে মূল উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করা, যাতে এই জঘন্য অপরাধের সঠিক তদন্ত বিঘ্নিত হয়।

ঘটনার পর থেকেই সোমনাথ দে গা ঢাকা দিয়েছিলেন। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে তাঁর অবস্থান চিহ্নিত করেন এবং বেঙ্গালুরু অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে আগামীকাল তাঁকে খড়দহ থানায় আনা হবে। সেখানে তাঁকে এই ষড়যন্ত্রের মূল নেপথ্য কারণ এবং কার কার নির্দেশে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। এই গ্রেফতারির পর আর জি কর কাণ্ডের তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এর আগে ঠিক একই অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us