
বরানগর: সাতসকালে বিটি রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় দুই শিশুর মৃত্যু। স্কুলে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। স্কুটিতে দুই সন্তানকে নিয়ে স্কুলের পথে যাচ্ছিলেন বাবা। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।
জানা গিয়েছে, শনিবার সকালে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজনই। ৫ ও ৭ বছরের দুই সন্তানেরই ঘটনাস্থলেই মৃত্য হয়। গুরুতর আহত হয়েছেন বাবা।
এই ঘটনার পরই লরির বেপরোয়া গতি নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার নো এন্ট্রির সময় অর্থা নির্ধারিত সময়ের আগে বা পরে লরি চলাচল করে, আর তার জেরেই ঘটে বিপত্তি। রাস্তার ধারে প্রোমোটারদের ইট এবং পাথর রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন কেউ কেউ।
শনিবারই সেক্টর ফাইভে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী তিনি। এদিন ওয়েবেল মোড়ের সামনে একটি সরকারি বাস এক পথযাত্রীকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সরকারি বাসটিকে আটক করে নিয়ে যাওয়া হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। পথচারীর অবস্থা আশঙ্কাজনক।