
বনগাঁ: পেট্রোল পাম্প থেকে দেওয়া হচ্ছে জল মেশানো ভেজাল পেট্রোল! আর সেই জ্বালানি বাইকে ভরতেই মাঝরাস্তায় বিকল হয়ে যাচ্ছে ইঞ্জিন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি পেট্রোল পাম্পে তুমুল বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রাহকরা। শনিবার বিকেলে বনগাঁর মতিগঞ্জ এলাকার ওই পেট্রোল পাম্পে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।
স্থানীয় ও ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল থেকে। বেশ কয়েকজন বাইক আরোহী মতিগঞ্জ এলাকার ওই নির্দিষ্ট পেট্রোল পাম্পটি থেকে জ্বালানি ভরেছিলেন। কিন্তু পাম্প থেকে কিছুটা দূরে যেতে না যেতেই পরপর বেশ কয়েকটি বাইকের ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যায়। প্রথমে গ্রাহকরা সাধারণ যান্ত্রিক গোলযোগ ভাবলেও, পরে মেকানিকের কাছে নিয়ে গেলে আসল সত্যিটা সামনে আসে। দেখা যায়, বাইকের তেলের ট্যাঙ্কে পেট্রোলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে। এই ভেজাল তেলের কারণেই ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার জেরে শনিবার বিকেলে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগী গ্রাহকরা। তাঁরা একজোট হয়ে ওই পেট্রোল পাম্পে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের অভিযোগ, দিনের আলোয় সাধারণ মানুষের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হচ্ছে। জল মেশানো পেট্রোল বিক্রি করে পাম্প কর্তৃপক্ষ মুনাফা লুটছে, অন্যদিকে ক্রেতাদের হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে।
বিক্ষোভের জেরে শনিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।