
খড়দহ: রাজ্যে নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথা বারবার বলেছে শুভেন্দু-সরকার (Suvendu Adhikari Govt)। থানায় থানায় চালু করা হয়েছে হেল্প ডেস্ক (Women Help Desk)। পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। এরই মধ্যে সোমবার থেকে রাজ্যে কার্যকর হয়েছে গুন্ডাদমন আইন। আর এদিনই দেখা গেল, এক অভিযুক্তকে কলার ধরে টেনে থানায় ঢোকালেন এক মহিলা পুলিশকর্মী।
উত্তর ২৪ পরগনার খড়দহের ঘটনা। সোমবার খড়দহের কাছে বি টি রোডের উপর দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন এক মহিলা পুলিশকর্মী। সেই সময় রাস্তার মাঝে আর একটি বাইকে থাকা এক ডেলিভারি বয় ওই মহিলাকে উদ্দেশ্য অশ্লীল ভঙ্গি করে বলে অভিযোগ। ওই যুবক রাস্তার মাঝেই তার গোপনাঙ্গ (প্রাইভেট পার্ট) বারবার দেখাতে থাকে বলে অভিযোগ মহিলার।
তারপরই নিজের বাইক থেকে নেমে সেই মহিলা পুলিশকর্মী অভিযুক্ত ডেলিভারি বয়ের জামার কলার ধরে টানতে টানতে খড়দহ থানার ভিতরে ঢোকেন। এরপর মহিলাকর্মীর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ বা হেনস্থার ঘটনায় যে পুলিশের অভিযোগ দায়ের করতে সুবিধা হয়েছে, সে কথা এদিন স্বীকার করে নেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত কুমার সিং। এ ক্ষেত্রে মহিলা হেল্প ডেস্কের ভূমিকার কথাও উল্লেখ করেন।
অভিযোগ জানাতে গিয়ে কোনও মহিলাকে যাতে এক থানা থেকে অপর থানায় ঘুরতে না হয়, তার জন্যই এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ফলে সহজেই অভিযোগ দায়ের করতে পারবেন মহিলা। সেখানে কী কী করণীয়, সে ব্যাপারে পুলিশকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।