
আসানসোল: একদিনের নিখোঁজ থাকার পর বাড়ির কাছের একটি জঙ্গল থেকে ছয় বছরের এক শিশুর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আসানসোল দক্ষিণ থানার ৫৪ নম্বর ওয়ার্ডের তুরীপাড়ার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম ঋত্বিক রুজ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋত্বিকের বাবা ছোটু রুজ রাজমিস্ত্রি এবং মা পূর্ণিমা রুজ গৃহপরিচারিকার কাজ করেন। শনিবার সকালে তাঁরা কাজে গেলে বাড়ি ফিরে ছেলেকে দেখতে পাননি। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে।
রবিবার সকালে বাড়ির অদূরের জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। তবে মৃতের বাবার দাবি, শনিবার ওই জঙ্গলে খোঁজ করা হলেও তখন সেখানে কিছু পাওয়া যায়নি। একদিন পর কীভাবে দেহটি এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ, খুন করে দেহ জঙ্গলে ফেলা হয়েছে। কিন্তু কেন কী কারণে ছ’বছরের শিশুকে খুন করা হল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দারাও।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে।