Halisahar Case: ‘এটা বেঙ্গলি কালচার নয়’, মুখ খুললেন অগ্নিমিত্রা

Asansol News: অপরদিকে, এই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেছেন, "ছুটির দিন একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়েছেন, পুলিশকে না জানিয়ে। পুলিশ এতো বড় ব্যবস্থা করেছে দেখলাম, যেটা ওনার পাওয়ার কথা নয়।"

Halisahar Case: এটা বেঙ্গলি কালচার নয়, মুখ খুললেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2026 | 1:51 PM

আসানসোল: হালিশহরে (Halisahar) যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়ি লক্ষ্য করে কাদা ও চটি ছোড়া এবং ‘চোর’ স্লোগান দেওয়ার ঘটনার তীব্র বিরোধিতা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাটির কঠোর সমালোচনা করে তিনি এটিকে বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যা দেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১৫ বছর ধরে অনেক ভুল করেছেন, নারীদের সম্মান রক্ষা করতে পারেননি। সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন—এ কথা সত্যি। এমনকি তিলোত্তমার মৃত্যুর দিনটিতেও তিনি সঠিক বিচার দিতে পারেননি। কিন্তু তাই বলে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া, ‘চোর’ স্লোগান দেওয়া বা জুতো-চটি ছোড়া কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়।”

​তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, “এ ধরনের আচরণ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বিরোধী এবং সরকারের নীতি পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের বা শীর্ষ নেতৃত্বের কোনও সমর্থন নেই।” ​উস্কানিমূলক কাজকর্মে যুক্ত ব্যক্তিদের সতর্ক করে অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁরা বিজেপির নাম ভাঙিয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন এবং ভাবছেন জয়জয়কার পাবেন, তাঁরা চরম ভুল করছেন। এই ধরনের ঘটনার পেছনে যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।”

অপরদিকে, এই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেছেন, “ছুটির দিন একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়েছেন, পুলিশকে না জানিয়ে। পুলিশ এতো বড় ব্যবস্থা করেছে দেখলাম, যেটা ওনার পাওয়ার কথা নয়। উনি এখন সেই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ রয়েছে। আমাদের নির্দেশ রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বয়সও হয়েছে, যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা দেওয়া ও সম্মান রাখা।”

Loading...
Unable to load recommendations.
Follow Us