
দুর্গাপুর: এক রোগীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। পরিবারের অভিযোগ, ওয়ার্ডে ঝাঁজালো জীবানুনাশক স্প্রে করা হয়। তাতেই মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম রাজকুমার মণ্ডল (৫৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখ চিকিৎসক ছুটি লিখে দেওয়ার পরেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমস্যার অজুহাতে রাজকুমার মণ্ডলকে হাসপাতাল থেকে ছাড়েনি কর্তৃপক্ষ। এরপর হঠাৎ হাসপাতালের তরফে জানানো হয় রোগীর কক্ষে জীবানুনাশক ঝাঁঝালো স্প্রে করার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার দুদিন পর রবিবার মৃত্যু হয় রাজকুমার মন্ডলের । এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পরিবার-পরিজন ও আত্মীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান।
তাঁদের দাবি, হাসপাতালের গাফিলতি, অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণেই রাজকুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
মৃতের মেয়ে কবিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, “সুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসক ছুটি লিখে দেওয়ার পরও জোর করে বাবাকে হাসপাতালে আটকে রাখা হয়েছিল। এরপর পরিচ্ছন্নতার জন্য রুমে ঝাঁঝালো কোনও জীবাণুনাশক স্প্রে করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তি দাবি করেছেন । বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
অন্যদিকে, হাসপাতালের ডিজিএম (অপারেশন) শিল্পা সর বলেন, “কোনও অভিযোগ থাকলে রোগীর পরিবারের সদস্যদের জানানো হয়েছে, ময়নাতদন্ত করানো হোক। সে বিষয়ে পরিবারের সদস্যদের অনুরোধও করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।”