Asansol: লিচু চোরের সাজা হবে এবার, ১২ বছর পর দোষী সাব্যস্ত করল আদালত

Asansol: ২০১২ সালের সেই রাতে সালানপুর থানায় ভোর সাড়ে তিনটে নাগাদ খবর এসেছিল লিচু চুরির। অভিযোগ ওঠে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও খালাসিকে নামিয়ে দেওয়া হয় ট্রাক থেকে। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা। এরপরই কোনওমতে বেঁচে ফিরে স্থানীয় চৌরঙ্গি ফাঁড়িতে যান দু'জন।

Asansol: লিচু চোরের সাজা হবে এবার, ১২ বছর পর দোষী সাব্যস্ত করল আদালত
প্রতীকী ছবি।

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 07, 2024 | 10:24 PM

আসানসোল: ১২ বছর পর দোষী সাব্যস্ত করা হল এক ‘লিচু চোর’কে। এক যুগ আগে লিচুবোঝাই একটি ট্রাক ‘হাইজ্যাক’-এর ঘটনা ঘটেছিল সালানপুর থানা এলাকায়। সেই ঘটনায় শুক্রবার তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় জানান, ১৩ জুন সাজা ঘোষণা করা হবে। এই ক’দিন আসানসোল জেলে থাকবেন তাঁরা।

২০১২ সালের ঘটনা। মালদহ থেকে বিপুল পরিমাণের লিচু নিয়ে একটি ট্রাক বোকারোর দিকে যাচ্ছিল। সালানপুর থানার অদূরে মেলেকোলা এলাকায় জাতীয় সড়কের উপর থেকে ট্রাকটি হাইজ্যাক করা হয়। অভিযুক্তদের গ্রেফতারি, একাধিক শুনানিপর্ব, সবই চলেছে এই মামলায়।

২০১২ সালের সেই রাতে সালানপুর থানায় ভোর সাড়ে তিনটে নাগাদ খবর এসেছিল লিচু চুরির। অভিযোগ ওঠে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও খালাসিকে নামিয়ে দেওয়া হয় ট্রাক থেকে। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা। এরপরই কোনওমতে বেঁচে ফিরে স্থানীয় চৌরঙ্গি ফাঁড়িতে যান দু’জন। তবে ঘটনাস্থল যেহেতু সালানপুর থানার অন্তর্গত, সেখানেই বিষয়টি জানানো হয়। এফআইআরও দায়ের হয়।

সঙ্গে সঙ্গে পুলিশের খবর শুরু হয়। ট্রাকটি পুরুলিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পারে সালানপুরের পুলিশ। সেখানকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে আটক করা হয় লিচুবোঝাই ট্রাকটি। গ্রেফতার করা হয় তিনজনকে। এরপর মামলা চলছিল দীর্ঘ সময় ধরে। শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় তিনজনকে।

Follow Us