Asansol wire theft: বিদ্যুৎ চুরির অভিযোগ, চোর সন্দেহে তিন যুবককে ‘গণধোলাই’

Asansol wire theft: শুক্রবার সকালে ওই তিন যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা। আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাঁদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরেই ধৈর্য হারিয়ে ক্ষুব্ধ জনতা তিনজনকে ঘিরে ধরে গণপিটুনি দেয়।

Asansol wire theft:  বিদ্যুৎ চুরির অভিযোগ, চোর সন্দেহে তিন যুবককে গণধোলাই
গণপিটুনির অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2026 | 11:12 AM

আসানসোল: এলাকায় ধারাবাহিক ইলেকট্রিক তার চুরির জেরে তীব্র উত্তেজনা। চোর সন্দেহে তিন যুবককে আটকে রেখে গণধোলাই দিল ক্ষুব্ধ জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা ক্ষুদিরাম পার্ক সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মহিশীলা ক্ষুদিরাম পার্ক এবং শিমুলতোলা এলাকায় বিভিন্ন বাড়িঘরের আর্থিং ও ইলেকট্রিক তার চুরি হচ্ছিল। ঘন ঘন এই চুরির কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল।

শুক্রবার সকালে ওই তিন যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা। আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তাঁদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরেই ধৈর্য হারিয়ে ক্ষুব্ধ জনতা তিনজনকে ঘিরে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারা তিন যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই তার চুরি চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us