
খড়গপুর: ফের মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু (Student Death)। শিরোনামে সেই খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। এবার হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের (Kharagpur IIT Student Death)। মৃতের নাম অঙ্কিত শর্মা। মেকানিক্যাল ইঞ্জিয়ানিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইতিমধ্যেই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। আদৌ তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইআইটি চত্বরে গোখেল হলে থাকতেন অঙ্কিত। নালন্দা কমপ্লেক্সে ক্লাস করতে যেতেন। জানা গিয়েছে, বৃহস্পতিবারেও ওই কমপ্লেক্সে ক্লাস করতে গিয়েছিলেন অঙ্কিত। পুলিশ সূত্রে খবর, সেইসময় কোনওভাবে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। ওই কমপ্লেক্সের নীচেই রক্তাক্ত অবস্থায় অঙ্কিতের দেহ পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মীরা। এরপরই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতকে উদ্ধার করে পুলিশ। তারপর তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। আদৌ তিনতলা থেকে পড়ে মৃত্যু নাকি ঝাঁপ দিয়েছেন ওই ছাত্র, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করতে চায়নি আইআইটি কর্তৃপক্ষ বা পুলিশ। চলতি বছর এই নিয়ে ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে খড়গপুর আইআইটিতে।