
ক্যানিং: বাবা-ছেলে দুজনেই জেলে। এরই মধ্যে শওকত মোল্লার (Saokat Molla) ছেলের ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। বেশ কয়েকদিন আগে সেই নির্দেশ দেওয়া হলেও মৌখালির মাতলা নদীর চর জুড়ে থাকা ওই ক্যাফেতে কোনও পুলিশি তৎপরতা দেখা যায়নি। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এবার রাস্তায় নামলেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)।
বৃহস্পতিবার সকালে দেখা গেল, হাজার খানেক আইএসএফ সমর্থককে সঙ্গে নিয়ে ‘অরণ্যের কূলে’ নামে ওই ক্যাফের সামনে পৌঁছে যান আরাবুল। বাইক মিছিল করে আরাবুলের সঙ্গে যান সমর্থকরা। তাঁদের কার মাথায় হেলমেট নেই। রীতিমতো স্লোগান দিতে দিতে পৌঁছে যান তাঁরা।
শওকতের ছেলে ইমরানের ক্যাফে ঘিরে অভিযোগ দীর্ঘদিনের। নদীর চর জুড়ে কীভাবে ক্যাফে বানালেন, সেই প্রশ্ন উঠেছে।
এদিন আরাবুল জানান, তিনি পরিদর্শনে গিয়েছেন। গিয়ে দেখেন, এখনও ক্যাফে আগের মতোই আছে। আরাবুল বলেন, “এসে দেখলাম, বাবুর মতো ছেলেপিলেরা ভিতরে আছে। খাওয়াদাওয়া করছে। সরেজমিনে তদন্ত করে দেখতে এসেছি। পুলিশ ব্যবস্থা না নিলে, আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”
শওকতের গোটা পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আরাবুল বলেন, ‘ফ্যামিলি প্রজেক্ট’ চলছিল। আরাবুলের কথায়, সাতদিনের মধ্যে ক্যাফে না ভাঙলে, রেলিং-এর একটাও খুঁটি থাকবে না। জনগণ ভেঙে দেবে বলে দাবি করেছেন আরাবুল।