
বিষ্ণুপুর: মামলা আর নোটিসের ভারে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও বাড়ির স সামনে হাজির হচ্ছে ইডি, কখনও সিআইডি, আবার কখনও তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে পুলিশ। এই পরিস্থিতির মধ্যে আবারও একটি এফআইআর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। নিজের সংসদীয় এলাকা, যেখানে প্রায় ৭ লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই এবার বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে হল এফআইআর।
২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণে ডিবিটি (DBT)-র মাধ্যমে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। অভিযোগপত্রে দাবি, পোর্টালে একাধিক পাকাবাড়িকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখিয়ে টাকা ছাড় হয়েছে। একই ছাদের তলায় একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকী ওই টাকা পাওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, একটি ফোন নম্বরে ১৩ জন, অপর একটি নম্বরে 8 জনকে সংযুক্ত নথিতে বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চের তালিকা ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এর আগে অভিষেকের বিরুদ্ধে আরও একটি এফআইআর করেছেন ববি। সাড়ে ৭ বছর আগে অভিষেকের নির্দেশে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। এবার সুবিচারের আশায় দিন গুনছেন তিনি।