
মিনাখাঁ: বিয়েবাড়ি যাচ্ছিল। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত ২০ জনেরও বেশি। ভয়ঙ্কর দুর্ঘটনা মিনাখাঁর জয়গ্রামের বাসন্তী রোডে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই বাসটিতে বিয়েবাড়ির যাত্রীরাই ছিলেন। বাসটির গতিবেগ স্বাভাবিক ছিল। কিন্তু আচমকাই বাসের সামনে একটি বাইক চলে আসে। সেই বাইক আরোহীকে বাঁচানোর চেষ্টা করেন চালক। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। একেবারে দুমড়ে মুচড়ে যায় বাসটি।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। তাঁর মধ্যে বাইক চালকও ছিলেন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্য শুরু করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে মিনাখাঁ থানার পুলিশ। জানা যাচ্ছে, অন্ততপক্ষে ২০-২৫ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যেও আটকে রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত যে কাটার দিয়ে বাসের পাত কেটে তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “মূলত বাইক চালকে বাঁচাতে দিয়েই বাসটা দোকানে ধাক্কা মারে, তারপর উল্টে যায়। কোথা থেকে বাসটা আসছিল, জানা যায়নি। তবে যাত্রীদের দেখে মনে হচ্ছে বিয়েবাড়ির বাস ছিল।”