
খড়গপুর: মাত্র তিন মাসের ব্যবধান। ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটি-তে (IIT)। এবার আর ছাত্র নয়, এক অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আইআইটি ক্যাম্পাস থেকে। বুধবার আইআইটির কর্মী-আবাসন (স্টাফ কোয়ার্টার) থেকে ওই অধ্যাপকের দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। দ্রুত তাঁর মরদেহ খড়্গপুর আইআইটির বিসি রায় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা যাচ্ছে, মৃতের নাম দীপক রেড্ডি (২৫)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। তাঁর বাড়ি হায়দরাবাদে। বুধবার আইআইটি ক্যাম্পাসের ২বিআর-১৪ নং রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কোয়ার্টারে তিনি একাই থাকতেন। ওই অধ্যাপক মানসিক অবসাদে ভুগছিলেন কি না খতিয়ে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
এখানে উল্লেখ্য, গত ২৮ এপ্রিল খড়গপুর আইআইটিতে বছর ২২ এর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম সোহম হালদার। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা ছিলেন। সকাল থেকে দরজা না খোলায় সন্দেহ হয়েছিল নিরাপত্তারক্ষীদের। তারপর ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর আগে গত ১৮ এপ্রিল একুশ বছরের এক ছাত্র বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এবার এক অধ্যাপকের আত্মহত্যার ঘটনা ঘটল।