
কমলেশ চৌধুরীর ইনপুট
কলকাতা: কথায় আছে সবুরে মেওয়া ফলে। দক্ষিণবঙ্গের আকাশে সেই ‘মেওয়া’-ই ধরেছে। রবিবার দিনভর বৃষ্টিতে (Rainfall) ভেসেছে দক্ষিণবঙ্গ। কলকাতার জায়গায় জায়গায় জল জমেছে। চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। সঙ্গে তুমুল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। রাজ্য জুড়ে আজও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)। কতদিন পর্যন্ত এই বৃষ্টি হবে?
সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামিকাল থেকে পরের তিনদিন বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে।সপ্তাহান্তে ফের বৃষ্টির দাপট বাড়বে পাহাড় এবং ডুয়ার্সে।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। নিম্নচাপ অক্ষরেখা সরে গেলে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে কলকাতা ও সংলগ্ন জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আজও কমলা সতর্কতা রয়েছে তিন জেলায়। এরপরে আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে কিছুটা।
আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গেরই পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সপ্তাহ জুড়ে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
মাঝে তিনদিন বৃষ্টি কমলেও, শুক্রবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। জারি হবে কমলা সতর্কতা। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি হবে। বুধ-বৃহস্পতিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজও হলুদ সর্তকতা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা।