
নয়া দিল্লি: হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন এখনও জারি। যে প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ গ্যাস ও তেলের বাণিজ্য চলে, তার অধিকার নিয়ে এবার বড় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতির মাঝেই তিনি বলেছেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা হবে। পাল্টা জবাব দিতে ছাড়েনি ইরানও।
নিউ ইয়র্কে এক রাজনৈতিক সভায় দাঁড়িয়ে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এই যুদ্ধে আমেরিকা ইরানকে পরাজিত করবে। আর ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করব।”
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইজরায়েল। এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে। ক্ষতিগ্রস্ত হয় তেল ও গ্যাস বাণিজ্য। যার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করে হু হু করে।
ট্রাম্পের বক্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম ঘরিবাবাদী জবাব দিতে গিয়ে বলেন, টুইট করে হরমুজ প্রণালী অধিকার করা যাবে না। তিনি বসেন, “হরমুজ প্রণালী টুইট করে দখল করা যাবে না, এয়ারক্রাফট কেরিয়ার দিয়ে দখল করা যাবে না, কোনও নির্দেশিকা বা নির্বাচনী বক্তৃতা দিয়েও দখল করা যাবে না। ইরান কোনও শক্তিকে ভয় পায় না।” তিনি আরও বলেন, “হরমুজ ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে।”