
ওয়াশিংটন: দু’জন রাষ্ট্রপ্রধানের বৈঠক ঠিক যেমনটা হয়, শুক্রবার ঠিক সেই রকম ভাবেই হোয়াইট হাউসে আয়োজিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক। গোলযোগ বাঁধে বৈঠকের পর।
তখন হোয়াইট হাউজের ওভাল হাউজে গিজগিজ করছে সাংবাদিক। সেই সময়ই বাগযুদ্ধ বাঁধল দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন, ট্রাম্প-জেলেনস্কির এই বচসায় ‘শকুনি মামার’ কাজ করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে এই উত্তপ্ত আলোচনার পরেও ট্রাম্পের প্রতি নরম সুরই রাখলেন জেলেনস্কি।
শনিবার লন্ডনে আয়োজিত একটি সাক্ষাৎকার পর্বে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমেরিকার প্রতি কৃতজ্ঞ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমেরিকার মানুষ ও কংগ্রেসের সদস্যদেরও। এই তিন বছর ধরে চলা যুদ্ধে প্রতিটা ইউক্রেনবাসী আমেরিকার সমর্থনকে কখনওই ভুলতে পারবে না।’
এরপরই জেলেনস্কি আরও বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে আমার সম্পর্কটা অন্য কোনও রাষ্ট্রপ্রধানদের মতো নয়। এটা একটা ঐতিহাসিক বন্ধন।’
উল্লেখ্য়, সম্প্রতি তিন বছরে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এই তাপ বাড়ানো যুদ্ধ পরিস্থিতির মাঝেই আমেরিকা গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ক্ষমতায় আসার পর থেকেই ‘কথা বলার মধ্য়ে দিয়ে’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলেছেন ট্রাম্প। সেই সূত্র ধরেই শুক্রবার ছিল আলোচনা পর্ব। এমনকি, জেলেনস্কির সঙ্গে খনিজ চুক্তি সাক্ষরের কথা ছিল ট্রাম্পের। কিন্তু উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে গেল সেটিও।