
নয়া দিল্লি: iPhone কেনার পরিকল্পনা রয়েছে? গ্রাহকদের বড় সুযোগ দিচ্ছে এয়ারটেল। জানা গিয়েছে, ক্রোমা-র সঙ্গে যৌথভাবে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো-সহ একাধিক মডেলে বিশেষ অফার ঘোষণা করেছে টেলিকম সংস্থাটি। এই অফারে iPhone-এর বিভিন্ন মডেলে ২৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে।
এয়ারটেল-এর তরফে জানানো হয়েছে, এই বিশেষ অফার শুধুমাত্র এয়ারটেল গ্রাহকদের জন্য। এয়ারটেল অ্যাপের রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি বিভাগে গিয়ে আপনি অফারের জন্য যোগ্য কি না, তা যাচাই করতে পারবেন।
অফারের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ৩১ অগস্টের মধ্যে কুপন জেনারেট করতে হবে। ওই সময়ের মধ্যে কুপন তৈরি না করলে পরে আর অফারটির সুবিধা পাওয়া যাবে না। এয়ারটেলের তরফে অফারের মেয়াদ স্পষ্ট না করা হলেও অ্যাপে কোনও কোনও ক্ষেত্রে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৈধতা দেখানো হচ্ছে। এদিকে, এই সুবিধা ক্রোমা-র অফলাইন স্টোরের পাশাপাশি সংস্থার ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে।
iPhone 17 সিরিজের Pro মডেলগুলিতে মিলছে বড় ছাড়। লঞ্চের সময় আইফোন ১৭ প্রো ম্যাক্স সিরিজের দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। এয়ারটেলের বিশেষ অফারে ফোনটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৩৮ হাজার ২৩০ টাকা থেকে। অর্থাৎ, ১১ হাজার ৬৭০ টাকা পর্যন্ত সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, আইফোন ১৭ প্রো-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম অফারে ১ লক্ষ ২৪ হাজার ৩১০ টাকা। লঞ্চের সময় এর দাম ছিল ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা। ফলে ১০ হাজার ৫৯০ টাকা সাশ্রয় হবে। তবে, স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে প্রো এবং প্রো ম্যাক্স-এর ছাড়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে।
সবচেয়ে বড় ছাড় মিলছে iPhone Air-এ। ফোনটির দাম ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। অফারে সেটি ৯৭ হাজার ৮২৪ টাকায় কেনা যাবে। অর্থাৎ, সরাসরি ২২ হাজার টাকারও বেশি ছাড়। এর পাশাপাশি ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও রয়েছে।
আইফোন ১৭-এর দাম ৮২ হাজার ৯০০ টাকা। অফারে ৭৯ হাজার ৫৮৪ টাকায় পাওয়া যাচ্ছে। ৩ হাজার ৩১৬ টাকা ছাড় মিলছে। সঙ্গে ১ হাজার টাকা ব্র্যান্ড ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১২ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস রয়েছে।
আইফোন ১৭ই-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টও অফারের আওতায় রয়েছে। ৬৪ হাজার ৯০০ টাকার পরিবর্তে ফোনটি ৫৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
শুধু নতুন আইফোন ১৭ সিরিজ নয়। পুরনো মডেলগুলিতেও ছাড় দিচ্ছে এয়ারটেল। আইফোন ১৬ প্লাস-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯ হাজার ৯০০ টাকা। অফারে সেটি ৭৩ হাজার ৯১০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ, ৫ হাজার ৯৯০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
আইফোন ১৬ ১২৮ জিবি-র দাম ৬৯ হাজার ৯০০ টাকা থেকে কমে হয়েছে ৬৪ হাজার ৭৯০ টাকা। একই মডেলের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯ হাজার ৯০০ টাকা থেকে কমে হয়েছে ৬৪ হাজার ৭৯০ টাকা। সেক্ষেত্রে সরাসরি ৫ হাজার ১১০ টাকা সাশ্রয় হবে।
আর আইফোন ১৫ অফারে পাওয়া যাচ্ছে ৫৫ হাজার ১৯০ টাকায়। আগের দাম ছিল ৫৯ হাজার ৯০০ টাকা। তবে অফারে আইফোন কেনার আগে এয়ারটেল অ্যাপে নিজের যোগ্যতা এবং সংশ্লিষ্ট ফোনের মডেলের চূড়ান্ত দাম, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জের শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।