
নয়া দিল্লি: প্রিপেড রিচার্জ প্ল্যানের (Airtel Prepaid Recharge Plan) বড়সড় পরিবর্তন আনল টেলিকম সংস্থা এয়ারটেল। সাম্প্রতিক সময়ে একাধিক জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে সংস্থা। এর মধ্যে রয়েছে ২৯৯ টাকার মতো বহুল ব্যবহৃত প্ল্যানও। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে কার্যত এয়ারটেলের ট্যারিফ ৩-৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এয়ারটেল ২৯৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার চারটি প্রিপেড প্ল্যান তালিকা থেকে সরিয়ে দিয়েছে। ২৯৯ টাকার প্ল্যান যাঁরা ব্যবহার করেন, তাঁদের উপর বড় প্রভাব পড়তে চলেছে। এতদিন এই প্ল্যানটি ছিল এয়ারটেলের ২৮ দিনের সবচেয়ে জনপ্রিয় এন্ট্রি-লেভেল আনলিমিটেড প্ল্যানগুলির একটি। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত।
এখন ২৯৯ টাকার প্ল্যানের পরিবর্তে গ্রাহকদের ৩৪৯ টাকার প্ল্যান নিতে হবে। সুবিধাগুলি প্রায় একই থাকলেও দাম বেড়ে যাচ্ছে প্রায় ১৬ শতাংশ। ফলে ৩৪৯ টাকার রিচার্জই এখন এয়ারটেলের ২৮ দিনের সবচেয়ে সস্তা দৈনিক ডেটা-সহ আনলিমিটেড প্রিপেড প্ল্যান।
এছাড়াও ১.৫ জিবি দৈনিক ডেটার একাধিক প্ল্যান তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১৯ টাকার ৩০ দিনের, ৫৭৯ টাকার ৫৬ দিনের, ৬১৯ টাকার ৬৯ দিনের এবং ৭৯৯ টাকার ৭৭ দিনের প্ল্যান। একইভাবে ৬৪৯ টাকার ৫৬ দিনের ২ জিবি দৈনিক ডেটার প্ল্যানটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, ৮৫৯ টাকার প্ল্যানের দামও বাড়িয়ে ৮৯৯ টাকা করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
তবে এয়ারটেলের সব সস্তার প্ল্যান বদলে দেওয়া হয়নি। ১৯৯ এবং ২১৯ টাকার মতো একেবারে কম দামের এন্ট্রি-লেভেল প্ল্যানগুলি আপাতত আগের মতোই রয়েছে।
আবার সংস্থা এমন কিছু ৫৬ দিন ও ৯০ দিনের প্ল্যানও সরিয়ে দিয়েছে, যেগুলিতে তুলনামূলকভাবে গ্রাহকসংখ্যা কম ছিল। এর ফলে বোঝা যাচ্ছে, এয়ারটেল তাদের প্রিপেড প্ল্যানের সংখ্যা কমিয়ে আরও সরল একটি পোর্টফোলিও তৈরি করতে চাইছে।
বিশ্লেষকদের মতে,এটি সরাসরি সার্বিক ট্যারিফ বৃদ্ধি নয়। বরং কম দামের প্ল্যান তুলে নিয়ে গ্রাহকদের তুলনামূলক বেশি ডেটা ও বেশি ARPU-র প্ল্যানের দিকে নিয়ে যাওয়ার কৌশল হতে পারে।
গত বছরও একই ধরনের পদক্ষেপ করেছিল এয়ারটেল। সেই সময় ডিজিটাল চ্যানেলে ২৪৯ টাকার ১ জিবি দৈনিক ডেটার ২৪ দিনের প্ল্যান এবং ২৮ দিনের প্ল্যান তুলে দিয়ে ২৯৯ টাকার প্ল্যানকে সবচেয়ে কম দামের ১ জিবি দৈনিক ডেটা প্ল্যান করা হয়েছিল। এবার সেই ২৯৯ টাকার প্ল্যানও বন্ধ করে দেওয়া হল।