
কলকাতা: পালাবদলের পর কি শিল্প আসবে বাংলায়? দিন কয়েক আগেই বাংলায় শিল্প (Bengal Industry) আনতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। এবার বাংলায় শিল্প নিয়ে আরও একটা বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, বাংলায় বড়সড় বিনিয়োগের চিন্তাভাবনা করছে আমুল (Amul)। বাংলায় প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যাচ্ছে, আমুলের বিনিয়োগ সংক্রান্ত একাধিক পোস্ট। বহু বিজেপি নেতাই পোস্ট করেছেন। যেমন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল। একইসঙ্গে লেখেন, ‘তৈরি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে দুগ্ধ পরিকাঠামো। বাংলা এগোচ্ছে উন্নয়ন আর আত্মনির্ভরতার পথে।’তারপর থেকেই সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমুলের বিনিয়োগ নিয়ে এখনও রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
বিজেপির আরও দাবি, ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট গড়বে আমুল। এই প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট গড়তে চলেছে আমূল। এই বিনিয়োগের ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে রাজ্যে। উল্লেখ্য, সংকল্পপত্রে বিজেপি দাবি করেছিল তাঁরা শিল্প আনবে। বিনিয়োগ বাড়বে। তারপরই আমূলের বড় বিনিয়োগের সম্ভাবনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সেক্ষেত্রে আমুলের বিনিয়োগ নিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্য সরকার, এখন সেটাই দেখার বিষয়।
এই বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানিয়েছেন, সরকারের যে নিজস্ব পরিকল্পনা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। আর তারই ফলস্বরূপ হয়তো আমুল এগিয়ে এল। পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় যেখানে এরকম বড় শিল্প প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা চলছে সেটা যদি হয়, তাহলে তা স্বাগত।
প্রসঙ্গত, রাজ্যে সুনির্দিষ্ট কয়েকটি জায়গায় শিল্পতালুক তৈরি করতে কেন্দ্রের সহযোগিতা চায় রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের কিছু জায়গা চিহ্নিত করেছে রাজ্য বিজেপি। সেই জায়গাগুলিতে কী কী শিল্পের সম্ভাবনা রয়েছে,তার খসড়াও প্রস্তুত করা হয়েছে। তালিকায় মোট ৫ জায়গার উল্লেখ করা হয়েছে। এই ইস্যুতে দিন কয়েক আগেই নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য। সেখানে ওই ৫ জায়গার মধ্যে রয়েছে সিঙ্গুরও। এছাড়াও রয়েছে অশোকনগর, রানাঘাট, পুরুলিয়া, ঝাড়গ্রাম।