
নয়া দিল্লি: অনলাইনে টাকা পেমেন্টের (Online Payment) জন্য পেটিএম (Paytm), ফোনপে (Phonepe), গুগল পে (Gpay) ব্যবহার করেন। তবে, জানেন কি খুব শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে অ্যাপলের ডিজিটাল পেমেন্ট পরিষেবা। জানা গিয়েছে, ভারতে অক্টোবরের মধ্যে চালু হতে পারে ‘অ্যাপল পে’। মূলত, অ্যাপল ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন বলেন জানা গিয়েছে। প্রাথমিকভাবে এই পরিষেবায় ভিসা ও মাস্টারকার্ড নেটওয়ার্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভারতে অ্যাপল পে চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ক্রেডিট কার্ডের তথ্য অ্যাপেল ওয়ালেটে সেভ করে রাখতে পারবেন। এরপর কোনও দোকানে পেমেন্ট করার সময় POS মেশিনের কাছে আইফোন বা আইপ্যাডে ট্যাপ করলেই হবে। NFC প্রযুক্তির মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্ট সম্পন্ন হবে। প্রাথমিকভাবে, ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপল পে কাজ করবে। বিশ্বের অন্যান্য দেশেও এই একই ধরনের পরিষেবা চালু রয়েছে।
অ্যাপল পে ভারতে চালু হলেও শুরুতেই ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে না। UPI পরিষেবা যুক্ত করতে অ্যাপলকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর অনুমোদন নিতে হবে। পাশাপাশি,পেমেন্ট রাউটিংয়ের জন্য কোনও স্পনসর ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব করতে হবে।
ভারতে অ্যাপেল পে-র মাধ্যমে ক্রেডিট কার্ডে লেনদেন হলে প্রতিটি ট্রানজ্যাকশন থেকেই অ্যাপলের আয় হতে পারে। প্রতিটি কার্ড ট্রানজ্যাকশনে ১৫ থেকে ২০ বেসিস পয়েন্ট অংশীদারিত্বের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করেছে অ্যাপল। পেমেন্ট সংস্থাগুলির মতে, ভারতে অ্যাপেল পে চালু হলে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বাড়তে পারে।