
নয়া দিল্লি: অবসরপ্রাপ্তদের জন্য বড় খবর। বাড়তে পারে পেনশন। ৬০ পেরলেই মাসে ৫ হাজার টাকা করে পেনশন পান অবসরপ্রাপ্তরা। পিটিআই-র রিপোর্ট অনুযায়ী, অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) এই মাসিক পেনশন বাড়ানোর জন্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি (PFRDA) ইতিমধ্যেই এই প্রস্তাবনা খতিয়ে দেখছে।
বর্তমানে অটল পেনশন যোজনায় মাসিক সর্বাধিক ৫ হাজার টাকা পেনশন পাওয়া যায়। পিএফআরডিএ-র চেয়ারম্য়ান দীপক মোহান্তি রমন জানিয়েছেন যে পেনশন বাড়ানোর প্রস্তাবনাটি পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নিতে সময় লাগবে কারণ এটা দীর্ঘমেয়াদী স্কিম এবং সরকারের দীর্ঘমেয়াদী ঋণ বা দায় জড়িয়ে রয়েছে। এই পর্যায়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অটল পেনশন যোজনার অধীনে পেনশনের সীমা বাড়ানোর দাবি করা হচ্ছিল।
২০১৫ সালে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প শুরু করে। সামাজিক সুরক্ষার জন্য, বিশেষ করে নিম্ন আয় ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যতের জন্য এই পেনশন প্রকল্প চালু করা হয়েছিল। ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি এই পেনশন প্রকল্প পরিচালন করে।
১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। বিনিয়োগকারীদের ন্যূনতম ২০ বছর বিনিয়োগ করতে হয় এই প্রকল্পে। ৬০ বছর হয়ে গেলে মাসিক পেনশন পাওয়া যায়। তবে আয়করদাতারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন না।
কত টাকা বিনিয়োগ করছেন, তার উপরে পেনশন নির্ভর করে। ন্যূনতম ১ হাজার টাকা থেকে সর্বাধিক ৫ হাজার টাকা পেনশন পাওয়া যায় প্রতি মাসে। বিনিয়োগকারীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী ওই পেনশন পান। তাদের অবর্তমানে বাকি জমা থাকা অর্থ নমিনি-কে দেওয়া হয়। এই পেনশন প্রকল্পে আয়কর আইনের ৮০সিসিডি ধারায় করছাড়ও পাওয়া যায় দেড় লাখ টাকা পর্যন্ত।