
নয়া দিল্লি: মধ্য প্রাচ্যের সঙ্কটের জেরে জ্বালানির দাম বেড়েছে (Fuel Price Hike)। তবে শুধু পেট্রোল-ডিজেলেই সেই দাম সীমাবদ্ধ থাকেনি, বাড়ছে অন্যান্য খরচও। এবার এটিএম(ATM)-র খরচও বাড়তে চলেছে। এটিএম থেকে টাকা তুলতে এবার কত খরচ হতে পারে?
চলতি মে মাসে পেট্রোল-ডিজেলের দাম চারবার বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারে সাত টাকার বেশি দাম বেড়েছে। এর জেরে পরিবহন থেকে শুরু করে বহু পণ্যের উপরই চাপ বেড়েছে। যে কোম্পানি গাড়িতে করে, নিরাপত্তার সঙ্গে এটিএমে টাকা ডেলিভারি করে, সেই সংস্থাগুলি এবার ফি বাড়ানোর দাবি জানাল।
কারেন্সি সাইকেল অ্যাসোসিয়েশন, যা এটিএম ক্যাশ ম্যানেজমেন্ট ফার্মগুলির প্রতিনিধিত্ব করে, তারা ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে দাবি জানিয়েছে এটিএমে টাকা পৌঁছে দেওয়ার জন্য ফি বাড়াতে। অ্যাসোসিয়েশনের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও কর্মীদের বেতন বৃদ্ধির জন্য অপারেশনাল খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে। বিভিন্ন রাজ্যেই ন্যূনতম পারিশ্রমিক ১৫ হাজার টাকা করা হয়েছে। ফলে কর্মীদের বেতনও অনেকটা বেড়েছে।
যদি ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের দাবি মানে, তাহলে এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়তে পারে। তবে এখনও কোনও ব্যাঙ্কের তরফেই এটিএম ফি বাড়ানো নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করেনি।