UPI Payment: টাকা পাঠাবেন নাকি পাঠাবেন না? Fraud আটকাতে নতুন ফিচার GPay, PhonePe-তে, আপডেট জেনে নিন

UPI Payment Update: সাম্প্রতিক সময়ে ইউপিআই ভিত্তিক প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। ব্যাঙ্কগুলি এই প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র কাছে জমা দিয়েছে। বর্তমানে ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে নতুন নিয়ম তৈরির বিষয়টি খতিয়ে দেখছে আরবিআই।

UPI Payment: টাকা পাঠাবেন নাকি পাঠাবেন না? Fraud আটকাতে নতুন ফিচার GPay, PhonePe-তে, আপডেট জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Aug 03, 2026 | 3:17 PM

নয়া দিল্লি: বর্তমানে অনলাইন সর্বস্ব জীবন। সবকিছুই অনলাইনে হয়। টাকার লেনদেনও অনলাইনে হয়। তবে ইউপিআই ব্য়বস্থায় শীঘ্রই বড়সড় বদল আসতে চলেছে। এবার শুধুমাত্র ট্যাপ করলে বা পিন বসালেই ইউপিআই থেকে পেমেন্ট হবে না। আরও এক ধাপ যোগ হতে চলেছে। হ্যাঁ-না উত্তর দিলেই তবে পেমেন্ট হবে।

আগামিদিনে ইউপিআই (UPI)-তে টাকা পাঠানোর সময় শুধু একবার ট্যাপ করলেই পেমেন্ট হবে না। অনলাইন জালিয়াতি ঠেকাতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ‘Yes’ বা ‘No’ কনফার্মেশন দেওয়ার নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে ব্যাঙ্কগুলি।

দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাঙ্কগুলি এই প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র কাছে জমা দিয়েছে। বর্তমানে ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে নতুন নিয়ম তৈরির বিষয়টি খতিয়ে দেখছে আরবিআই।

কী পরিবর্তন হতে পারে?

এই নিয়ম সব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নয়, শুধুমাত্র যেসব লেনদেন ব্যাঙ্কের নজরে সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ বলে মনে হবে, সেগুলির ক্ষেত্রেই অতিরিক্ত যাচাই করা হতে পারে। যদি ব্যাঙ্কের ফ্রড ডিটেকশন সিস্টেম কোনও লেনদেনকে সন্দেহজনক বলে চিহ্নিত করে, তাহলে গ্রাহকের মোবাইল স্ক্রিনে একটি  ইয়েস/নো (Yes/No) পপ-আপ আসবে। সেখানে  ইয়েস (Yes) বেছে নিলেই তবেই লেনদেন সম্পূর্ণ হবে। অর্থাৎ গ্রাহকের চূড়ান্ত সম্মতি ছাড়া সেই পেমেন্ট হবে না।

কেন এই প্রস্তাব?

সাম্প্রতিক সময়ে ইউপিআই ভিত্তিক প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকাররা প্রযুক্তিগত সিস্টেম হ্যাক না করে, বরং ফোন কল, মেসেজ, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে টাকা পাঠাতে বাধ্য করে।

ইউপিআই (UPI)-র মাধ্যমে টাকা মুহূর্তের মধ্যে অন্য অ্যাকাউন্টে চলে যায়। একবার টাকা পাঠিয়ে দিলে তা ফেরানো অত্যন্ত কঠিন। ফলে অনেকেই প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে।

ব্যাঙ্কগুলির দাবি, সন্দেহজনক লেনদেনের আগে মাত্র কয়েক সেকেন্ডের একটি অতিরিক্ত কনফার্মেশন গ্রাহকদের ভাবার সুযোগ দেবে এবং অনেক প্রতারণা এড়ানো সম্ভব হবে।

সব ইউপিআই পেমেন্টে কি এই নিয়ম থাকবে?

ব্যাঙ্কগুলি বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক অপেক্ষার সময় (Cooling-off Period)-র পক্ষে নয়। তাদের মতে, ইউপিআই-র সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত ও সহজে টাকা পাঠানোর ব্যবস্থা। প্রতিটি লেনদেনে অতিরিক্ত দেরি হলে সাধারণ গ্রাহক এবং গ্রহীতা- উভয়েরই সমস্যা হবে। শুধুমাত্র যেসব লেনদেন ব্যাঙ্কের চোখে ঝুঁকি বা সন্দেহজনক হিসেবে ধরা পড়বে, সেগুলির ক্ষেত্রেই অতিরিক্ত যাচাই করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কীভাবে চিহ্নিত হবে ঝুঁকিপূর্ণ লেনদেন?

এই বিষয় নিয়ে চূড়ান্ত নিয়ম এখনও ঠিক হয়নি। তবে বর্তমানে ব্যাঙ্কগুলি এমন কিছু বিষয় বিশ্লেষণ করে থাকে, যেমন—

  • অস্বাভাবিকভাবে বড় অঙ্কের টাকা পাঠানো
  • প্রথমবার কোনও নতুন ব্যক্তিকে টাকা পাঠানো
  • নতুন মোবাইল বা নতুন ডিভাইস থেকে UPI ব্যবহার
  • অচেনা বা ভিন্ন জায়গা থেকে লেনদেনের চেষ্টা
  • গ্রাহকের স্বাভাবিক খরচের ধরণ থেকে সম্পূর্ণ আলাদা ধরনের লেনদেন

এ ধরনের কোনও অস্বাভাবিকতা ধরা পড়লে ব্যাঙ্কের সিস্টেম লেনদেনটিকে ‘হাই-রিস্ক’ হিসেবে চিহ্নিত করতে পারে। তখন গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ‘Yes’ কনফার্মেশন নেওয়া হবে।

কী করবে আরবিআই?

ব্যাঙ্কগুলির প্রস্তাব এখন খতিয়ে দেখছে আরবিআই (RBI)। সব দিক বিবেচনা করে ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রস্তাবটি অনুমোদন পেলে ইউপিআই-তে ঝুঁকিপূর্ণ যাচাই (Risk-Based Authentication) ব্যবস্থা চালু হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us