
নয়া দিল্লি: জ্বালানি সঙ্কটের জের। আরও দামি হল জ্বালানি (Fuel Price Hike)। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Hike)। আজ, ২৫ মে সকালেই ফের একবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ঘোষণা করা হল। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৭১ পয়সা। এই নিয়ে বিগত দুই সপ্তাহের মধ্য়েই চারবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। ১০০-র গণ্ডি আগেই পার করেছিল। এবার পেট্রোল-ডিজেল ভরতে আরও অতিরিক্ত ৮ টাকা করে খরচ হবে।
১১ দিনে পরপর চারবার দাম বৃদ্ধির ফলে এবার কলকাতায় পেট্রোল কিনতে ১১৩ টাকা ৫১ পয়সা দাম পড়বে। ডিজেল কিনতে খরচ পড়বে ৯৯ টাকা ৮২ পয়সা। দিল্লি, মুম্বই সহ অন্যান্য শহরগুলিতেও দাম বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা। ডিজেলের নতুন দাম হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ২০ পয়সা।
এর আগে, গত ২৩ মে জ্বালানির দাম বেড়েছিল। পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছিল। ওই দিন সিএনজি-রও দাম বেড়েছিল কেজি প্রতি এক টাকা করে।
লাগাতার এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে গেরস্থালিতে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় গণপরিবহনের ভাড়া যেমন বাড়বে, তেমনই অত্যাবশ্যকীয় একাধিক পণ্যের দাম বাড়তে পারে। ইতিমধ্যেই দুধ ও পাউরুটির দাম বেড়েছে।
ইরান-আমেরিকা যুদ্ধের কারণেই বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্ব বাজারে দাম বাড়ছে অপরিশোধিত ক্রুড তেলের। এতদিন অয়েল মার্কেটিং সংস্থাগুলি চড়া দামে ক্রুড তেল কিনলেও, পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল। তবে এর জন্য প্রতিদিন অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে ১৬০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। সংস্থাগুলিকে এই বিপুল ক্ষতি থেকে রেহাই দিতেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।