
নয়া দিল্লি: চেক নিয়ে ঝক্কি আর থাকল না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে বদলে যাচ্ছে ব্যাচ প্রসেসিং মডেল। এবার থেকে চেক ক্লিয়ার হতে আর দুই দিন সময় লাগবে না। এবার থেকে কয়েক ঘণ্টার মধ্যেই চেক ক্লিয়ার হয়ে যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক তাদের ব্যাচ প্রসেসিং মডেলে পরিবর্তন আনছে। নতুন ফ্রেমওয়ার্ক কার্যকর হচ্ছে আগামী ৪ অক্টোবর থেকে। দুই দফায় দেশজুড়ে চেক ক্লিয়ার করার প্রক্রিয়া বদলাতে চলেছে। এই নতুন প্রক্রিয়ায় এবার থেকে চেক ড্রপ করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ক্লিয়ার হয়ে যাবে। এতে সেটেলমেন্টের ঝুঁকি যেমন কমবে, তেমনই গ্রাহকদের অভিজ্ঞতাও আরও সুখকর হবে।
ফিক্সড ব্য়াচ সাইকেলের বদলে, এবার থেকে চেকগুলি স্ক্যান করা হবে। এরপর তা বিজনেস আওয়ারের মধ্যে অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে তা প্রসেস করা হবে। সহজ কথায় বলতে গেলে, যে দিন চেক ড্রপ করা হবে, সেইদিনই তা ক্লিয়ার হয়ে যাবে। এতে গ্রাহকদের সুবিধা হবে। ১-২ দিন আর অপেক্ষা করতে হবে না। চেক ইস্যুর নিয়মে কোনও বদল আসছে না।