
নয়া দিল্লি: ফের বাড়ল সিগারেটের দাম। গত ফেব্রুয়ারিতে ৩০ টাকা করে বাড়ানো হয়েছিল দাম, আর এবার কয়েক মাসের মধ্যেই ফের বাড়ল আরও ১০ টাকা।
আইটিসি (ITC) তাদের ‘গোল্ড ফ্লেক রেগুলার সাইজ ফিল্টার টিপস’ (RSFT) সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে।
সিগারেটের প্যাকেটের খুচরো দাম ১০ টাকা বাড়িয়ে ১২৫ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়েছে। ২০২৬ সালে এই ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটের দাম এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হল। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩০ টাকা দাম বাড়ানোয় প্যাকেটের দাম ৯৫ টাকা থেকে বেড়ে হয়েছিল ১২৫ টাকা।
আইটিসি-র সিগারেটের মধ্যে এই গোল্ড ফ্লেক অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য। সংস্থার মোট যে পরিমাণ সিগারেট বিক্রি হয়, তার প্রায় ৩০-৩৫ শতাংশ বিক্রি হয় এই গোল্ড ফ্লেক। সংস্থার লাভের ক্ষেত্রেও এই সিগারেটের অবদান বেশি। ফলে এই দাম নির্ধারণের সিদ্ধান্তও বিবেচনা করে নিতে হয় ওই সংস্থাকে।
উচ্চ কর এবং সিগারেটের চোরাচালানের জন্য ঝুঁকি বাড়ছে আইটিসি-র। আর সেটাই সংস্থার সামনে একটা বড় চ্যালেঞ্জ। কর বেড়ে যাওয়ার প্রভাব সামাল দেওয়ার পাশাপাশি সংস্থাকে ভাবতে হচ্ছে, গ্রাহকরা যাতে সস্তা সিগারেটের দিকে ঝুঁকে না পড়ে।
একদিকে যেমন দাম বাড়ালে বর্ধিত করের প্রভাব কিছুটা সামাল দেওয়া যায়, তেমনই অতিরিক্ত দাম বাড়লে ক্রেতারা বিকল্প খুঁজতে শুরু করেন। আর্থিক ক্ষেত্রে আইটিসি যখন কিছুটা চাপের মুখে রয়েছে, তখনই এই মূল্যবৃদ্ধি করা হল। জানা গিয়েছে, সিগারেট ব্যবসায় কর এতটাই বেড়ে গিয়েছে, যে সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা আগের বছরের তুলনায় ২০.১ শতাংশ কমে গিয়েছে। তবে কোম্পানির রাজস্ব আয় ১.৮ শতাংশ বেড়ে ১৮,০৮১ কোটি টাকা থেকে ১৮,৪০১ কোটি টাকা হয়েছে। এক্ষেত্রে আইটিসি-র সিগারেট ছাড়া অন্যান্য ব্যবসাগুলো থেকে কিছুটা বেশি লাভ হয়েছে।