
নয়া দিল্লি: ইপিএফও-তে আসছে বিরাট বদল। প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) আট কোটি গ্রাহক এবার সরাসরি ইউপিআই (UPI)-র মাধ্যমে পিএফের টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) সম্প্রতিই জানিয়েছেন ইউপিআই (UPI) পেমেন্ট গেটওয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে। শীঘ্রই তা ইপিএফও গ্রাহকদের জন্য চালু করা হবে।
মনসুখ মাণ্ডব্য বলেছেন, “সরাসরি ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইপিএফ গ্রাহকরা টাকা তুলতে পারবেন। সম্প্রতি আমরা এর টেস্টিং সম্পূর্ণ করেছি। যে টাকা তোলা হবে, তা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।”
আগে যেখানে পিএফের টাকা পেতে কয়েক সপ্তাহ সময় লাগত, সেখানেই ইপিএফও ৩.০-তে কয়েক সেকেন্ডেই টাকা তোলা যাবে। নতুন এই ব্যবস্থায় ম্যানুয়াল এমপ্লয়ার অ্যাপ্রুভাল লাগবে না। সম্পূর্ণ কাগজ-বিহীন পদ্ধতিতেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বর্তমানে ১ লক্ষ টাকার বেশি পিএফ অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে, তাতে ম্যানুয়াল ভেরিফিকেশনের প্রয়োজন হত। সামান্য তথ্যের গরমিল হলেও, ক্লেম রিজেক্ট হয়ে যেত।
ইপিএফও ৩.০-তে ইউপিআই পিন ব্যবহার করেই টাকা তুলতে পারবেন। এতে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ হবে। অসুস্থতা, শিক্ষা, বিয়ে বা অন্য কোনও প্রয়োজনে আর ক্লেম করে দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হবে না। ইপিএফও-র নিয়ম অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে মোট যত টাকা আছে, তার ২৫ শতাংশ টাকা লক ইন থাকবে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য। অর্থাৎ গ্রাহকরা অবসরের আগে বিশেষ প্রয়োজন পড়লে, ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে ইউপিআই বা এটিএমের মাধ্যমে।
এই পরিষেবা পাওয়ার জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাকটিভ থাকতে হবে। এছাড়া আধার কার্ড ও প্য়ান কার্ড ভেরিফায়েড ইউএএন-র সঙ্গে লিঙ্ক থাকতে হবে। পিএফ রেকর্ডে যে জন্মতারিখ রয়েছে, তা পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করতে হবে।