
নয়া দিল্লি: প্রস্তুতি পর্ব শেষ। আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে ইপিএফও ৩.০ (EPFO 3.0)। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organization) বিরাট পরিবর্তন করতে চলেছে পিএফ অ্যাকাউন্ট (PF Account) নিয়ে। দেশের কোটি কোটি পিএফ গ্রাহক এতে উপকৃত হবেন। এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা ইউপিআই (UPI) ও এটিএম (ATM) থেকে তোলা যাবে। কীভাবে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে? কত টাকাই বা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে?
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই নতুন সিস্টেমের টেস্টিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) গত মে মাসেই জানিয়েছিলেন যে শীঘ্রই এই পরিষেবা চালু হয়ে যাবে। তবে এখনও ইপিএফও-র তরফে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি।
ইপিএফও ৩.০ হল পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হবে। অনলাইনেই দ্রুত পরিষেবা পাওয়া যাবে। সরাসরি আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।
ইপিএফও-র প্রস্তাবনা অনুযায়ী, পিএফ গ্রাহকরা তাদের মোট ব্যালেন্সের ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অ্যাকাউন্টেই জমা থাকবে।