
নয়া দিল্লি: দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) নিয়ে বড় ঘোষণা করল। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইফিএফে (EPF) সুদের হার ঘোষণা করা হল। এই বছরও পিএফে সুদের হার ৮.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হয়েছে। শীঘ্রই ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদের (EPFO Interest Rate) টাকা জমা পড়বে।
কেন্দ্রীয় সরকার ইপিএফে ৮.২৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছে। অর্থ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পরই ইপিএফও-র তরফে এই ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে, জুন মাসের মধ্যেই পিএফের সুদের টাকা ক্রেডিট হয়ে যাবে।
এই নিয়ে টানা তিন বছর ইপিএফ-এ সুদের হার ৮.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, ইপিএফও সম্প্রতি একটি নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করেছে, যার মাধ্যমে আগের চেয়ে অনেক দ্রুত অ্যাকাউন্টে সুদের টাকা পাঠানো হবে।এতে লক্ষ লক্ষ কর্মচারীরা উপকৃত হবেন।
গ্রাহকের ইপিএফ অ্য়াকাউন্টে কত টাকা জমা রয়েছে, তার ভিত্তিতেই পিএফের সুদের টাকা জমা পড়বে। যদি কারোর পিএফ অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা জমা থাকে, তাহলে ৮.২৫ শতাংশ হারে ৮ হাজার ২৫০ টাকা সুদ বাবদ পাবেন।
ইপিএফও ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সুদের হার ৮.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছিল। তার আগে ২০২৩-২৪ অর্থবর্ষে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছিল। ২০২২ সালের মার্চ মাসে ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করেছিল।
চলতি মাসেই ইপিএফও ৩.০ চালু হতে চলেছে। ইপিএফও ৩.০-তে পিএফের টাকা সরাসরি ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে। জুন মাসের শেষভাগেই এই নতুন সিস্টেম চালু হতে পারে।