
নয়া দিল্লি: ট্রেনে খাবারের (Train Food) মান নিয়ে বরাবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠে এসেছে। কখনও দেখা গিয়েছে খাবারে আরশোলা তো কখনও আবার পোকা। এবার খাবারে মাছি পাওয়ার অভিযোগ তুললেন এক যাত্রী। ঘটনায় ক্যাটেরিং সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা (Fine) করেছে ভারতীয় রেল (Indian Railway)। একইসঙ্গে শো-কোজ়ও করা হয়েছে ওই সংস্থাকে।
ঘটনাটি ঘটেছে তেজস এক্সপ্রেসে। জানা গিয়েছে, কম্বো মিল দেওয়া হয়েছিল ওই যাত্রীকে। তাতে ছিল ভেজ বিরিয়ানি। খাবারের প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ তাঁর। বিরিয়ানিতে দেখা গেল মরা মাছি পড়ে রয়েছে। যাত্রীর অভিযোগের পরই ট্রেনের ক্যাপ্টেন এবং অনবোর্ড ক্যাটারিং ম্যানেজার পৌঁছন। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে ওই খাবারের পরিবর্তে নতুন খাবার দেওয়া হয়।
ঘটনার পর IRCTC জানিয়েছে,ওই ট্রেনের সমস্ত খাবার সুরাটের একটি সংস্থার থেকে সরবরাহ করা হয়েছিল। ভারতীয় রেল সূত্রে খবর, ১৫ জুন সংস্থার রান্নাঘর পরিদর্শন করেছিলেন IRCTC-র আধিকারিকরা। এরপর নির্ধারিত সময়সূচি মেনে ১৮ জুন রান্নাঘরটি পরিষ্কারও করা হয়। তবে এই ঘটনার পর খাবার প্রস্তুতি ও প্যাকেজিংয়ে গাফিলতির জন্য সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে কড়া সতর্কবার্তা দিয়েছে IRCTC। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
IRCTC আরও জানিয়েছে, এখন থেকে খাবার তৈরির ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত মেয়াদযুক্ত ও টাটকা কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং রান্নার আগে প্রতিটি উপকরণের গুণমান ভালোভাবে পরীক্ষা করতে হবে। পাশাপাশি চাল, ডাল, আটা, মশলা-সহ অন্যান্য খাদ্যসামগ্রী যে পাত্রে সংরক্ষণ করা হয়, সেগুলি নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে যাতে সেগুলি এয়ারটাইট থাকে।