
নয়া দিল্লি: আধার কার্ড (AADHAAR CARD) কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার দরকার রাখে না। সরকারি কোনও স্কিমের সুবিধা থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সমস্ত দরকারি কাজেই আধার কার্ডের দরকার পড়ে। তবে সবসময় তো পকেটে আধার কার্ড নিয়ে ঘোরা সম্ভব হয় না। আবার আধার কার্ডের জেরক্স বা প্রিন্ট আউটও সবসময় সঙ্গে রাখা সম্ভব নয়। জল লেগে বা ভাঁজ করায় এই গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান হিসাবেই আনা হয়েছে পিভিসি কার্ড (VC CARD)। ছোট এই কার্ড দেখতে ডেবিট কার্ডের (DEBIT CARD) মতো। জল লেগে নষ্ট হয় না, আবার ভাঁজ হওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। কীভাবে আধারের এই পিভিসি কার্ড তৈরি করবেন?
কাগজের বদলে পিভিসি কার্ডে উচ্চ মানের প্লাস্টিকের মোড়কে থাকে আধার কার্ড। আধারের সমস্ত তথ্যই থাকে এই পিভিসি কার্ডে। আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) ন্যূনতম খরচেই বাড়িতে এই পিভিসি কার্ড পাঠিয়ে দেয়। এর জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার পড়বে না।
ইউআইডিএআই মাত্র ৭৫ টাকা নেয় আধারের পিভিসি কার্ডের জন্য। এর মধ্যে প্রিন্ট করা, প্যাকেজিং ও ডেলিভারি চার্জ ধরা থাকে। আবেদন করার কয়েকদিনের মধ্যেই বাড়ির ঠিকানায় পিভিসি কার্ড পৌঁছে যায়।