Petrol-Diesel Price Hike: জ্বালানিতে ‘আগুন’, ৫ দিনের মধ্যে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের

জ্বালানির জ্বালা। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের। এর আগে ১৫ মে জ্বালানির দাম বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি ৩টাকা দাম বাড়ানো হয়েছিল। ৫ দিনের মধ্যে আবারও দাম বাড়ানো হল। এবার লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দাম ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পরপর জ্বালানির দাম বাড়ায় পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদের।

Petrol-Diesel Price Hike: জ্বালানিতে আগুন, ৫ দিনের মধ্যে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের
আরও বাড়ল পেট্রোল-ডিজ়েলের দামImage Credit source: PTI

May 19, 2026 | 7:51 AM

নয়া দিল্লি: জ্বালানির জ্বালা। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের (Petrol-Diesel Price Hike)। এর আগে ১৫ মে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। লিটার প্রতি ৩টাকা দাম বেড়েছিল। তবে, আশঙ্কা করা হচ্ছিল পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia Conflict) পরিস্থিতিতে পেট্রোল-ডিজ়েলের দাম (Petrol-Diesel Price) আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি করে ৫ দিনের মধ্যে ফের একপ্রস্থ দাম বাড়ল জ্বালানির। এবার লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দাম অন্তত ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকেই জ্বালানির নতুন দাম কার্যকর হচ্ছে।

কোন শহরে কত দাম হয়েছে পেট্রোল-ডিজ়েলের, দেখে নিন

নয়া দিল্লি

শহর অনুযায়ী পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন, নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে পেট্রোলের দাম ৯৭ টাকা ৭৭ পয়া থেকে বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ডিজ়েলের দাম ৯১ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে,  ৯০টাকা ৬৭ পয়সা থেকে ৯১ টাকা ৫৮ পয়সা হয়েছে ডিজ়েলের দাম।

কলকাতা

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়েছে। আজ শহরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯ টাকা ৭০ পয়সায়। সেখানে ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে এখন লিটার প্রতি দাম হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।

চেন্নাই

চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। শহরে ডিজ়েলের দাম ৮৬ পয়সা বাড়ানো হয়েছে। তাই চেন্নাইয়ে ডিজ়েল বিক্রি করা হচ্ছে লিটার প্রতি ৯৬টাকা ১১ পয়সায়। 

উল্লেখ্য, দিন কয়েক আগেই পেট্রোলিয়াম পণ্যের রফতানিতে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (SAED) বা অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে। তবে, এই কারণে জ্বালানির দাম বাড়েনি। অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে জ্বালানির দাম বাড়ছে। কিন্তু, কেন অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে?

পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকার মধ্যে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সংঘর্ষ বিরতি চললেও ইরানের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে, হরমুজ় প্রণালীও প্রায় অবরুদ্ধ। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১১১ ডলারের বেশি। অন্যদিকে ডব্লিউটিআই ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। আর এইভাবেই যদি তেলের দাম বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে আরও দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, দিন কয়েক আগে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাইভেট গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারের পরামর্শও দেন। তিনি নিজে তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। বিজেপির একাধিক নেতা-মন্ত্রীও সেই একই পথে হেঁটেছেন। এর পাশাপাশি বাড়িতে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের উপরও জোর দিয়েছেন মোদী। তাঁর এই বার্তার পরপরই পেট্রোল-ডিজ়েলের দাম বেড়েছিল। আবার তারও এক সপ্তাহের মধ্যে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়ল।

Follow Us