
নয়া দিল্লি: আগামিদিনে আপনার যাতায়াতের খরচ কমে যেতে পারে অনেকটা, কারণ দাম কমে যাবে জ্বালানিরও! বিশাল পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। গাড়ি বা বাইকে ১০০ টাকার বেশি খরচ করে পেট্রোল ভরানোর দরকার পড়বে না। সরকার আনতে চলেছে সস্তার জ্বালানি। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ই৮৫ (E85) জ্বালানির। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর মতে, ই৮৫ জ্বালানি (E85 fuel) -র দাম সাধারণ পেট্রোল বা ই২০ পেট্রোলের (E20 petrol) দাম থেকে লিটার প্রতি অন্তত ২০ টাকা করে কম হবে।
ক্লিন এনার্জি, গ্রিন এনার্জির পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। আর সেই উদ্যোগেই প্রথম ধাপ হিসাবে ই২০ (E20) পেট্রোল চালু করা হয়েছে। এর পরের ধাপ হিসাবেই কেন্দ্র ই৮৫ জ্বালানির (E85 fuel) কথা ঘোষণা করা হয়েছে।
তবে এই জ্বালানি সব গাড়ি বা বাইকে ব্যবহার করা যাবে না। কেন্দ্র জানিয়েছে, একমাত্র ফ্লেক্স ফুয়েল ভেহিকেলেই (Flex-Fuel Vehicles) ব্যবহার করা যাবে। যেহেতু পেট্রোলের পরিমাণ কম থাকবে, তাই এটি যে কোনও গাড়িতে ব্যবহার করা যাবে না।
সরকারের দাবি, এই নতুন জ্বালানি আমজনতার খরচ কমাবে অনেকটা। পেট্রোলের লিটার প্রতি যা দাম, তার তুলনায় অন্তত ২০ টাকা কম দাম হবে ই৮৫-র। পাশাপাশি ইথানল ব্লেন্ডিংয়ের প্রচার করবে এবং ক্রুৃড তেল আমদানিতে ভারতের নির্ভরশীলতা কমাবে।
ই২০-র মতোই ই-৮৫। ই২০-তে যেমন পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে, তেমনই ই৮৫-এ ৮৫ শতাংশ ইথানল মেশানো থাকবে। বাকি ১৫ শতাংশ পেট্রোল থাকবে। পেট্রোলের মাত্রা কম থাকায়, একমাত্র ফ্লেক্স ফুয়েল ভেহিকেলেই ব্য়বহার করা যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ই৮৫ জ্বালানিতে মাইলেজ কিছুটা কমতে পারে কারণ ইথানলে পেট্রোলের তুলনায় কম এনার্জি কনটেন্ট থাকে।
দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে ই২০ অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনে ক্ষয় হচ্ছে। মাইলেজ কমে যাচ্ছে, নানা সমস্যা দেখা দিচ্ছে। তবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদূপ সিং পুরী জানিয়েছেন যে এই দাবিগুলি সত্যি নয়। কোনও গাড়ি প্রস্তুতকারক সংস্থা ই২০-র জন্য ইঞ্জিনে বড় কোনও ক্ষতির কথা জানায়নি। সার্ভিসিংয়েও তেমন কোনও সমস্যা পাওয়া যায়নি। ওয়ারেন্টি ও ইন্সুরেন্স নিয়েও কোনও সমস্যা হবে না।
বর্তমানে ই২৫ পেট্রোল পরীক্ষামূলক স্তরে রয়েছে। বাজারে এখনও এই জ্বালানি আনা হয়নি।