
নয়াদিল্লি : আপনার আধার কার্ড ব্যবহার করে কি অন্য সিম কার্ড তুলে নিয়েছে? আপনার অজান্তেই এমনটা ঘটে থাকলে বড়সড় বিপদে পড়তে পারেন কিন্তু। কেন্দ্রীয় টেলিকম বিভাগের নিয়ম অনুযায়ী, একজন ভারতীয় নাগরিকের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ থাকতে পারে। তবে সম্প্রতি আধার তথ্যের অপব্যবহার করে সিম তুলে আর্থিক জালিয়াতির ঘটনা ক্রমশ বাড়ছে। তাই নিজের নামে কটি সক্রিয় সিম কার্ড রয়েছে, তা দেখা খুব জরুরি।
নতুন সিম কার্ড কিনতে গেলে টেলিকম সংস্থাগুলি আধার কার্ডকে বৈধ হিসেবে গ্রহণ করা হয়। এর ফলে সিম নেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। তবে অনেক জালিয়াতি চক্র অনেক সময় সাধারণ মানুষের আধার তথ্য ব্যবহার করে নতুন সিম তোলে। পরে সেই নম্বরগুলি দিয়ে নানারকম অবৈধ কাজকর্ম, অনলাইন অপরাধ ও ব্যাঙ্ক জালিয়াতি চালানো হয়। এমন অপরাধ থামাতেই সরকার ‘সঞ্চার সাথী’ পোর্টাল চালু করেছে, যার মধ্যে রয়েছে Telecom Analytics for Fraud Management and Consumer Protection- (TAFCOP) নামক একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের নাম ইস্যু করা মোবাইল নম্বরগুলি যাচাই করতে পারেন। এখানেই কোনও অচেনা নম্বর থাকলে তা রিপোর্ট করতে পারেন।
কীভাবে এটি দেখে নেবেন?
১) প্রথমে সঞ্চার সাথী (www.sancharsaathi.gov.in) পোর্টাল খুলতে হবে।
২) নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে স্ক্রিনের ক্যাপচা পূরণ করতে হবে।
৩) ফোনে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আপনার নামে নথিভুক্ত থাকা সবকটি নম্বরের তালিকা দেখা যাবে।
৪) তালিকায় থাকা কোনও নম্বর যদি এমন দেখেন, যা আপনি ব্যবহার করেন না, তবে ওই পোর্টাল থেকে অভিযোগ করা যাবে।
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্ত অনলাইন পরিষেবা মোবাইল নম্বরের সঙ্গেই যুক্ত। ফলে আপনার নামের সিম অন্য কারও হাতে থাকলে তা দিয়ে ওটিপি হাতিয়ে সর্বস্বান্ত করার ঝুঁকি থাকে। পরিস্থিতি ঠিক করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিম দেওয়ার ক্ষেত্রে ডিজিট্যাল কেওয়াইসি বাধ্যতামূলক করেছে এবং একসঙ্গে অনেক সিম দেওয়ার নিয়ম বন্ধ করেছে। এগুলি একটু সামলে দেখলেই অনেক বড় প্রতারণা থেকে বাঁচতে পারবেন।