
নয়া দিল্লি: ট্রেন সময়ে না আসা খুবই সাধারণ সমস্যা। কখনও দেখা যায় ১০ মিনিট দেরি, কখনও আধ ঘণ্টা, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। এমনও দেখা গিয়েছে, ট্রেন সময়ে না আসায় সারারাত স্টেশনেই কাটাতে হয়েছে। তবে, জানেন কি ট্রেন (Indian Railway) আসতে দেরি হলে, রেলের তরফে যাত্রীদের বিশেষ সুবিধাও দেওয়া হয়। এমনকী, বিনামূল্যে খাবারও দেয় আইআরসিটিসি (IRCTC)।
IRCTC-র নিয়ম অনুযায়ী, রাজধানী (Rajdhani Express), শতাব্দী (Shatabdi Express) এবং দুরন্ত (Duronto Express)-এর মতো প্রিমিয়াম ট্রেনে যাত্রা করলে বিশেষ সুবিধা দেওয়া হয়। ট্রেন কতটা দেরি করছে, সেই সময় অনুযায়ী ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চা বা হালকা জলখাবার দেওয়া হয় যাত্রীদের। তবে, রেলের এই বিশেষ ব্যবস্থার বিষয়ে অনেকেই অবগত নন।
সাধারণত চা বা কফির সঙ্গে বিস্কুট দেওয়া হয়। সকালের খাবার বা সন্ধ্যার জলখাবারে থাকতে পারে বাটার টোস্ট, ফলের রস এবং গরম পানীয়, যেমন চা ও কফি। অন্যদিকে, দুপুর বা রাতের খাবারে ভাত, ডাল, রাজমা বা ছোলে এবং আচারের প্যাকেট দেওয়া হতে পারে। কখনও কখনও পুরি-সবজিও দেওয়া হয়। সঙ্গে থাকে নুনও।
শুধু ফ্রি খাবারই নয়, কিছু ক্ষেত্রে যাত্রীরা টিকিটের টাকাও ফেরত পেতে পারেন। যদি কোনও ট্রেন তিন ঘণ্টার বেশি দেরি করে অথবা তার নির্ধারিত রুটে বড় পরিবর্তন করা হয়,তাহলে যাত্রীরা টিকিট বাতিল করে রিফান্ডের আবেদন করতে পারেন। অনলাইনে বুক করা টিকিটের ক্ষেত্রে টাকা সাধারণত একই মাধ্যমে ফেরত দেওয়া হয়। আর কাউন্টার থেকে কাটা টিকিট বাতিল করতে হলে রেল স্টেশনে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
ট্রেন দীর্ঘ সময় দেরি করলে রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য অতিরিক্ত কিছু সুবিধাও দিয়ে থাকে। রিজার্ভেশন টিকিট থাকলে অনেক ক্ষেত্রে স্টেশনের ওয়েটিং রুম বিনামূল্যে ব্যবহার করতে পারেন। রাতের বেলায় খাবারের স্টলগুলিও দীর্ঘ সময় খোলা রাখা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে RPF মোতায়েন করা হতে পারে।