Train Ticket Fine: ট্রেনে ঝগড়া করলেই দিতে হবে এক হাজার টাকা ফাইন! জানেন নতুন নিয়ম?

Indian Railway Ticket Fine: টিকিট রয়েছে। কিন্তু টিকিটে নির্ধারিত দূরত্বের থেকে বেশি পথ ট্রেনে যাত্রা করেছেন। তাঁদের ক্ষেত্রেই এই ১৩৮ ধারা প্রযোজ্য। আগে, ১৩৮ ধারায়, ন্যূনতম জরিমানা ছিল ২৫০ টাকা। এবার তা বাড়িয়ে কত জরিমানা করা হল, বা টিকিট না কেটে ট্রেনে উঠল কত বেশি জরিমানা দিতে হবে জেনে নিন।

Train Ticket Fine: ট্রেনে ঝগড়া করলেই দিতে হবে এক হাজার টাকা ফাইন! জানেন নতুন নিয়ম?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Jun 21, 2026 | 2:57 PM

নয়া দিল্লি:  টিকিট ছাড়া ট্রেনে উঠলে এবার দ্বিগুণ জরিমানা (Railway Ticket Fine) দিতে হবে। নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল (Indian Railway)। বিভিন্ন অপরাধ ও নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের নয়া নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী নিয়ম ভঙ্গ করলে প্রথমে তাঁর বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। নির্ধারিত জরিমানা না দিলে তবেই বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।

জরিমানা কত বাড়ানো হয়েছে?

রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৩৭ ও ১৩৮ ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ১৩৭ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বৈধ টিকিট ছাড়া ভ্রমণ করলে তাঁর বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা রয়েছে। আগে এই ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ছিল ২৫০ টাকা। পাশাপাশি সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা দু’টো শাস্তি দেওয়ারই বিধান ছিল। নতুন নিয়মে ন্যূনতম জরিমানা বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। তবে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। এছাড়াও ভাড়া ও অতিরিক্ত চার্জ আগের মতোই নেওয়া হবে।

১৩৮ ধারায় কী পরিবর্তন?

টিকিট রয়েছে। কিন্তু টিকিটে নির্ধারিত দূরত্বের থেকে বেশি পথ ট্রেনে যাত্রা করেছেন। তাঁদের ক্ষেত্রেই এই ১৩৮ ধারা প্রযোজ্য। আগে, ১৩৮ ধারায়, ন্যূনতম জরিমানা ছিল ২৫০ টাকা। সেটাও বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। অতিরিক্ত চার্জের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।

বিপজ্জনক সামগ্রী নিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে বিপজ্জনক বা নিষিদ্ধ সামগ্রী নিলে কমপক্ষে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। কোনও কোনও ক্ষেত্রে জেলের সাজাও হতে পারে। এছাড়া অন্য কারও নামে ইস্যু করা টিকিট ব্যবহার করে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যাত্রীর কাছ থেকে টিকিটের ভাড়া ও কমপক্ষে ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা আদায় করা হবে। এছাড়া, ট্রেনে ঝগড়া করলেই এক হাজার টাকা ফাইন দিতে হবে।

এছাড়া, রেল স্টেশনে অনুমতি ছাড়া পণ্য বিক্রি, ফেরি করা বা ভিক্ষা করলে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই অপরাধ বারবার করলে কারাদণ্ড এবং আরও বেশি জরিমানার মুখে পড়তে হতে পারে।

অনুমতি ছাড়া রেল এলাকায় প্রবেশেও জরিমানা

নির্ধারিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে যাত্রীদের। এছাড়া রেলের অন্য সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড হতে পারে।

পুরুষ যাত্রী যদি অনুমতি ছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কোচ, আসন বা কেবিনে প্রবেশ করেন, তাহলে ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে বিষয়টি আদালতে যাবে এবং সেখানে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Follow Us