
নয়া দিল্লি: মূল্য়বৃদ্ধির ভয়ঙ্কর ছ্যাঁকা। ইরান-আমেরিকার উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানি ও এলপিজির ঘাটতি দেখা দিয়েছে। চরম আর্থিক সঙ্কটের মুখে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এর প্রভাব এবার সাধারণ মানুষের উপরও পড়ছে। পেট্রোল-ডিজেলের পর ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও (19 kg LPG Cylinder Price Hike) বৃদ্ধি পেয়েছে। তার পাশাপাশি ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও বাড়ল।
মধ্য প্রাচ্যের সঙ্কটের কারণেই ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে। চলতি বছরে এই নিয়ে সপ্তমবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হল। বিগত ছয় মাসেই ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৭ শতাংশ বেড়েছে।মে মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে ৩,০০০ টাকার গণ্ডি পার করেছিল। আজ থেকে আরও ৫৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ায়, কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩২৫৫ টাকা ৫০ পয়সা হল।
এর পাশাপাশি ছোট সিলিন্ডারের দামও বেড়েছে। ৫ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১১ টাকা করে বেড়েছে। আজ থেকে ছোট সিলিন্ডার অর্থাৎ ফ্রি ট্রেড এলপিজির দাম হয়েছে ৮২১.৫০ টাকা। এই দাম আজ, ১ জুন থেকে কার্যকর হয়েছে।
তবে, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এসপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা মধ্যবিত্তদের অনেকটা স্বস্তি দিয়েছে। দিল্লিতে এলপিজির দাম রয়েছে ৯১৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকা, মুম্বইয়ে ৯১২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯২৮.৫০ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে শেষবার পরিবর্তন হয়েছিল ৭ মার্চ, যখন সিলিন্ডারের দাম ৬০ টাকা করে বেড়েছিল।