
নয়া দিল্লি: সবথেকে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম হল আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন সিম কার্ড বা স্কুল-কলেজে ভর্তি, সরকারি স্কিমের সুবিধা- যে কোনও দরকারি কাজে আধার কার্ড লাগেই। সেই কারণে আধার কার্ড আপডেট রাখাও জরুরি। এখন অনেকেই আর আধার কার্ড আপডেট করার জন্য আধার সেন্টারে ছোটেন না, অনলাইনেই আপডেট করে নেন। তবে সম্প্রতিই ইউআইডিএআই (UIDAI) আধারের অনলাইন অ্য়াপ নিয়ে বড় ঘোষণা করেছে।
আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) ঘোষণা করেছে যে বর্তমানে যে এমআধার (mAadhaar) অ্যাপ শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। আধার সংক্রান্ত যাবতীয় ডিজিটাল পরিষেবা আর পাওয়া যাবে না এই অ্যাপে।
এমআধার অ্যাপ বন্ধ হলেও, অনলাইন পরিষেবা যে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তা নয়। ইউআইডিএআই (UIDAI) তাদের নতুন আধার অ্যাপ তৈরি করেছে, যেখানে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ও আইফোন-উভয় ইউজার অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
ইউআইডিএআই জানিয়েছে, নতুন অ্যাপে আরও বেশি নজর দেওয়া হয়েছে গোপনীয়তা, সুরক্ষা ও অ্যাক্সেক্সিবিলিটি-র উপরে। এর মধ্যে অন্যতম হল কিউআর ভিত্তিক আধার শেয়ারিং। এই নতুন ফিচারে ব্যক্তিগত তথ্য ফাঁস না করেই আধার ডিটেইলস দেওয়া যাবে। আইডেনটিটি ভেরিফিকেশনের সময় আপনার গোপনীয় তথ্য ফাঁস হবে না।
এই অ্যাপে সিলেকটিভ শেয়ার ফিচার-ও থাকবে। আপনি বেছে নিতে পারবেন যে আধার কার্ডের কোন কোন তথ্য আপনি ভাগ করে নিতে চান। অফলাইনে অর্থাৎ ইন্টারনেট না থাকলেও আধার ভেরিফিকেশন করা যাবে।