
নয়া দিল্লি: গ্যাস শেষ হয়ে যাওয়ার পরও সিলিন্ডারে কিন্তু সামান্য হলেও গ্যাস (LPG Supply) থেকে যায়। এবার যাতে ওই গ্যাসও অপচয় না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নিতে চলেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি। নতুন প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (Hindustan Petroleum) মতো সংস্থাগুলি বড় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের লিকুইড এলপিজি অফ-টেক সিস্টেম (LPG Liquid Off-Take) ব্যবহারে উৎসাহ দিচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে সিলিন্ডারে অব্যবহৃত গ্যাসের পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
সাধারণভাবে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বাষ্প (Vapour) আকারে বের করা হয়। এই পদ্ধতিতে সিলিন্ডারের ভিতরে কিছু পরিমাণ এলপিজি থেকে যায়, ফলে পুরো জ্বালানির ব্যবহার সম্ভব হয় না। লিকুইড LPG অফ-টেক প্রযুক্তিতে বিশেষ যন্ত্রের সাহায্যে এলপিজি তরল (Liquid) অবস্থায় বের করা হয়। এরপর সেটিকে আবার গ্যাসে রূপান্তরিত করে ব্যবহার করা হয়। এতে সিলিন্ডার প্রায় সম্পূর্ণ খালি হয়ে যায় এবং জ্বালানির অপচয় উল্লেখযোগ্যভাবে কমে।
যেসব শিল্পে এলপিজির ব্যবহার বেশি, সেখানেই এই প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। যেমন, হোটেল ও রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা, ফুড প্রসেসিং ইউনিট, ডেয়ারি শিল্প, রাসায়নিক শিল্প, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সংস্থা। যেখানে নিয়মিত ও বিপুল পরিমাণ এলপিজির প্রয়োজন হয়, সেখানে এই প্রযুক্তি খরচ কমানোর পাশাপাশি কাজের দক্ষতাও বাড়াবে।
বিশেষজ্ঞদের মতে, এলপিজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হলে গ্রাহকদের জ্বালানির খরচ কমবে। একই সঙ্গে তেল সংস্থাগুলিকেও সিলিন্ডারে অবশিষ্ট গ্যাস পরিচালনা এবং পুনরায় ভরার ক্ষেত্রে কম সমস্যার মুখে পড়তে হবে। ফলে সরবরাহ ব্যবস্থা (Supply Chain) আরও কার্যকর হবে এবং এলপিজি বিতরণ ব্যবস্থার দক্ষতাও বাড়বে।
ভারতে এলপিজির চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই জ্বালানির প্রতিটি ফোঁটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সরকার ও তেল সংস্থাগুলির অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই নতুন প্রযুক্তির প্রসারে জোর দেওয়া হচ্ছে, যাতে জ্বালানির অপচয় কমানো হয়।